ভুল রক্ত দেওয়ায় প্রসূতির মৃত্যু?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুর পৌর সদরের একটি ক্লিনিকে অস্ত্রোপচারের পর এক প্রসূতির মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, অস্ত্রোপচারে ত্রুটির কারণে তাঁর মৃত্যু হয়েছে। তবে সংশ্লিষ্ট চিকিৎসকের দাবি, প্যাথলজিস্ট গ্রুপ নির্ণয়ে ভুল করায় ও ওই গ্রুপের রক্ত দেওয়ায় এ ঘটনা ঘটেছে।

ওই নারীর নাম তানিয়া সুলতানা (২২)। তিনি গুরুদাসপুর শহরের তাড়াশিয়াপাড়া মহল্লার মাসুদ আলীর স্ত্রী। গত ২ ডিসেম্বর শহরের ডাক্তার নোমান ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে তানিয়া ছেলেসন্তানের জন্ম দেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গত বুধবার মারা যান।

পরিবার সূত্রে জানা যায়, তানিয়াকে ১ ডিসেম্বর নোমান ক্লিনিকে ভর্তি করা হয়। পরের দিন ক্লিনিকের চিকিৎসক সোহেলি নাজনীন তাঁর অস্ত্রোপচার করেন। তারপর অবস্থার অবনতি ঘটতে থাকে। একপর্যায়ে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

চিকিৎসক সোহেলি নাজনীন বলেন, অস্ত্রোপচার যথাযথ ছিল। ভুল গ্রুপের রক্ত দেওয়ায় তানিয়ার অবস্থার অবনতি ঘটে। তাঁর রক্তের গ্রুপ ছিল ‘ও’ নেগেটিভ। কিন্তু তাঁকে ‘বি’ পজিটিভ গ্রুপের রক্ত দেন ক্লিনিকের প্যাথলজিস্ট শারমিন আক্তার।

এ বিষয়ে প্যাথলজিস্ট শারমিনের বক্তব্য পাওয়া যায়নি। ক্লিনিকের ব্যবস্থাপক মানটু মিয়া বলেন, ঘটনার পর থেকে শারমিন ক্লিনিকে অনিয়মিত আসছেন। তিনি মুঠোফোনও ব্যবহার করেন না। এক প্রশ্নের জবাবে মানটু মিয়া বলেন, চিকিৎসার খরচ বাবদ তানিয়ার পরিবারকে ৫৮ হাজার টাকা দিয়েছে ক্লিনিক কর্তৃপক্ষ। এর মাধ্যমে বিষয়টি মিটমাট করা হয়েছে।

তানিয়ার শ্বশুর আবদুল খালেক বলেন, সমঝোতার টাকা তানিয়ার বাবা আবু তালেব নিয়েছেন। আবু তালেব বলেন, মামলা দিয়ে নতুন করে বিড়ম্বনায় জড়াতে চাননি বলেই সমঝোতা মেনে নিয়েছেন।