ভুলে ভরা প্রশ্নপত্র শিশুদের ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এবার ভুলে ভরা প্রশ্নপত্রে তাদের প্রথম সাময়িক পরীক্ষা শেষ করেছে। এতে শিশুদের ভোগান্তি পোহাতে হয়েছে।
প্রশ্নপত্রগুলো খতিয়ে দেখা গেছে, পঞ্চম শ্রেণির বাংলা পরীক্ষায় ৭ এর খ নম্বর প্রশ্নে বলা আছে—‘বীরশ্রেষ্ঠ অর্থ কী? আমাদের বীর শ্রেষ্ঠ কতজন? কেন তাদের কী শ্রেষ্ঠ বলা হয়, তা তিনটি বাক্যে লেখ।’ অথবা বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ১ এর ৪৮ নম্বর বহুনির্বাচনী প্রশ্নে আছে, ‘তোমার এলাকায় মানবাধিকার বাস্তবায়নের দায়িত্ব কার?’ উত্তর দেওয়া আছে, ‘(ক) ঘন ঘন বন্যা, (খ) ঘন ঘন ঝড়বৃষ্টি, (গ) ঘন ঘন ঘূর্ণিঝড়, (ঘ) ছোট ছোট ভূমিকম্প।’ এভাবে প্রথম থেকে পঞ্চম শ্রেণির সব প্রশ্নপত্রেই রয়েছে অসংখ্য ভুল। গত ২৩ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত উপজেলার ১৮১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নেয়। উপজেলা শিক্ষা কর্মকর্তার (টিইও) নেতৃত্বে উপজেলা পরীক্ষা পরিচালনা কমিটি, রায়গঞ্জ এ পরীক্ষা নিয়ে থাকে।
শিক্ষার্থী, অভিভাবক, প্রশ্নকারী শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, পরীক্ষা পরিচালনা কমিটি দায়সারাভাবে কাজ সারায় এমন হয়েছে। এতে শিক্ষার্থীরা যেমন প্রশ্নের মানে বুঝতে পারেনি, তেমনি সঠিক উত্তর দিতেও ভোগান্তি পোহায়।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ের পাঁচজন শিক্ষক বলেন, নির্বাচিত শিক্ষকদের কাছ থেকে প্রশ্ন নিয়ে টিইওর নেতৃত্বে কমিটিই পুরো কাজ করে। তাই ভুলভ্রান্তির বিষয়ে তাঁরাই ভালো বলতে পারবেন।
নাম প্রকাশে অনিচ্ছুক প্রশ্ন প্রস্তুতকারী দুজন শিক্ষক বলেন, তাঁদের দিয়ে প্রশ্ন করা হলেও প্রুফ দেখানো হয় না। ফলে ভুল সংশোধনের দায়িত্ব তাঁদের না বলেই মনে করেন তাঁরা।
টিইও ইয়াকুব হোসেন খান বলেন, ‘কিছু ভুলের কথা শুনেছি। আগামী পরীক্ষায় এ ধরনের ভুল যাতে না হয় সে বিষয়ে আরও সতর্ক থাকা হবে।’