ভুলে ভরা প্রশ্নপেত্র পরীক্ষা
লালমনিরহাটের আদিতমারী উপজেলার ১২৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিন্ন প্রশ্নপত্রে বার্ষিক পরীক্ষা নেওয়া হচ্ছে। পরীক্ষা পরিচালনা কমিটির বিরুদ্ধে তৃতীয় শ্রেণির বাংলা ও ইংরেজি বিষয়ের পরীক্ষা ভুলে ভরা প্রশ্নপত্র দিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাতজনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
গত রোববার বার্ষিক পরীক্ষা শুরু হয়। সোমবার অনুষ্ঠিত তৃতীয় শ্রেণির বাংলা প্রশ্নপত্রে তিনটি বানান ভুল ছিল। প্রশ্নপত্রের এক-এর এক নম্বর প্রশ্নে লেখা হয়েছে, রাজার ছোট মেয়েকে বনের মধ্যে কারা বড়ি বানিয়ে দিল। এখানে ‘বাড়ির’ জায়গায় ‘বড়ি’ লেখা হয়েছে। এক-এর পাঁচ নম্বর প্রশ্নে লেখা আছে, কুঁজো কুড়ি বাড়ি পাহারা দিতে কাদের বলল? এই বাক্যে ‘বুড়ি’র জায়গায় ‘কুড়ি’ লেখা হয়েছে। নয় নম্বর প্রশ্নে বাম দিকের শব্দের সঙ্গে ডান দিকের শব্দ মিল করে লিখ—এই অংশে ‘আরামের’ জায়গায় ‘আবাশ’ লেখা হয়েছে। এ ছাড়া বিপরীত শব্দ লিখ—এই অংশে খেলা, বিদ্যালয়, নদী শব্দের বিপরীত শব্দ লিখতে বলা হয়েছিল। এগুলোর কোনো বিপরীত শব্দ নেই। এর আগে রোববার অনুষ্ঠিত একই শ্রেণির ইংরেজি প্রশ্নপত্রে একই প্রশ্ন দুবার, বানান ভুল এবং ১০০ নম্বরের স্থলে ১১০ নম্বরের মান বণ্টন ছিল। এ ছাড়া প্রশ্নের ক্রমও সঠিকভাবে লেখা হয়নি।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে গতকাল মঙ্গলবার তৃতীয় শ্রেণির বাংলা ও ইংরেজি বিষয়ের প্রশ্নপত্র প্রণয়নে বিভিন্ন ভুল ও অসংগতি থাকায় দায়িত্বপ্রাপ্ত চার কর্মকর্তা, দুই প্রধান শিক্ষক ও এক সহকারী শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশ পাওয়ার পর তিন কার্যদিবসের মধ্যে জবাব দেওয়ার জন্য বলা হয়েছে।
যাঁদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে, তাঁরা হলেন বার্ষিক পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসলেম উদ্দিন আজাদী, কমিটির সদস্যসচিব ও জ্যেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আবেদা খাতুন, সদস্য ও সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা জেসমিন আরা, ইয়াছিন আলী, দেওডোবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আলমগীর হোসেন, দীঘলটারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেন এবং ভাদাই জিএস মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ঝর্ণা রানী।
ওই নোটিশে উল্লেখ করা হয়েছে, প্রশ্নপত্র প্রণয়নে বিভিন্ন ভুল ও অসংগতি রয়েছে, যা কোমলমতি শিক্ষার্থীদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত করবে। পরীক্ষা পরিচালনা কমিটি থাকা সত্ত্বেও এ ধরনের ভুলে ভরা প্রশ্ন দিয়ে পরীক্ষা নেওয়া দায়িত্ব ও কর্তব্যে চরম অবহেলার শামিল।
আদিতমারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসলেম উদ্দিন আজাদী বলেন, বিভিন্ন ব্যস্ততা ও অন্যান্য কারণে অনিচ্ছা সত্ত্বেও
প্রশ্নে ভুল রয়েছে। যথাযথভাবে প্রুফ দেখা সম্ভব হয়নি। কর্তব্যে অবহেলা করা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি ইচ্ছাকৃত না হলেও তা এড়ানোর সুযোগ নেই।
আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জহুরুল ইসলাম বলেন, বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. নবেজ উদ্দিন সরকার বলেন, অভিভাবকদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর বাংলা ও ইংরেজির প্রশ্নপত্র সংগ্রহ করে তা বিশ্লেষণ ও পর্যালোচনা করে অসংগতি পাওয়া গেছে। এ জন্য পরীক্ষা পরিচালনার সঙ্গে জড়িত ব্যক্তিদের কারণ দর্শানোর নোটিশ করা হয়েছে। নোটিশের জবাব সন্তোষজনক না হলে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হবে।