ভুয়া আনসার সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরামপুর উপজেলায় আনসারের পোশাক পরে যানবাহন আটকিয়ে কাগজপত্র যাচাইয়ের নামে চাঁদাবাজি করার সময় গতকাল রোববার আজিজুল ইসলাম (২৩) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজিজুল রংপুরের মিঠাপুকুর উপজেলার কোনারপাড়া গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে।

এলাকার কয়েকজন বাসিন্দা ও বিরামপুর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকালে পৌর শহরের কলেজ বাজার এলাকায় আজিজুল আনসার সদস্যের পোশাক পরে যানবাহন আটকিয়ে চাঁদাবাজি করছিলেন। বিষয়টি সন্দেহ হওয়ায় স্থানীয় ব্যক্তিরা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ আজিজুলকে আটক করে থানায় নিয়ে আসে। পুলিশের কাছে আজিজুল বলেন, তিনি ঢাকায় সিকিউরিটি কোম্পানিতে কাজ করতেন। কিছুদিন থেকে তিনি এ ধরনের প্রতারণা শুরু করেছেন।

এ ব্যাপারে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান গতকাল রাত পৌনে আটটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান বাদী হয়ে আজিজুলের বিরুদ্ধে মামলা করেছেন।