
চট্টগ্রাম জেনারেল হাসপাতালে নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ) নেই। এর পরও আইসিইউর জন্য ভুয়া কার্যাদেশের মাধ্যমে প্রায় তিন কোটি টাকার যন্ত্রপাতি কেনা হয়। হাসপাতালের যন্ত্রপাতি কেনায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে গঠিত কমিটি এই জালিয়াতির বিষয়টি উদ্ঘাটন করেছে।
তদন্ত কমিটি সূত্র জানায়, হাসপাতালের কোনো চাহিদাপত্র ছাড়াই ২ কোটি ৯৬ লাখ ৪৫ হাজার টাকার আইসিইউ যন্ত্রপাতির জন্য ভুয়া কাগজপত্র তৈরি করা হয়। এ জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রশাসনিক অনুমোদনেরও ব্যবস্থা করা হয়। চলতি বছরের মে মাসে ভুয়া কার্যাদেশের বিপরীতে অর্থ ছাড়েরও অনুমোদন দেওয়া হয়। তবে শেষ মুহূর্তে ভুয়া কার্যাদেশের বিষয়টি ধরা পড়ার পর ওই যন্ত্রপাতি গ্রহণ করা হয়নি। হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাংসদ জিয়াউদ্দিন আহমেদের (বাবলু) মৌখিক নির্দেশে আইসিইউ যন্ত্রপাতি গ্রহণ করা থেকে বিরত থাকে হাসপাতাল কর্তৃপক্ষ।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মুরশিদ আরা বেগম বলেন, গত ২৮ জুন ঠিকাদারের কাছ থেকে আইসিইউ যন্ত্রপাতি বুঝে নেওয়ার কথা ছিল। কিন্তু ওই কার্যাদেশটি ভুয়া বলে তদন্ত কমিটির হাতে ধরা পড়ে। পরে স্থানীয় সাংসদের নির্দেশে ওই যন্ত্রপাতি গ্রহণ করা হয়নি।
আহমেদ এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান গত বছরের ৩০ এপ্রিল জেনারেল হাসপাতালে অস্ত্রোপচার কক্ষের জন্য ১০ ধরনের যন্ত্রপাতি সরবরাহ করে। এর মূল্য ২ কোটি ৯৮ লাখ ১২ হাজার ৫০০ টাকা। এই কার্যাদেশের স্মারক নম্বর ১০৭৭৪। ওই যন্ত্রপাতি সরবরাহ করার সময়ই প্রতিষ্ঠানটি ২ কোটি ৯৬ লাখ ৪৫ হাজার টাকার আইসিইউ যন্ত্রপাতিও হাসপাতালের গুদামে রেখে আসে। কিন্তু আইসিইউ যন্ত্রপাতির জন্য কোনো চাহিদাপত্র কিংবা কার্যাদেশ হাসপাতাল কর্তৃপক্ষ আহমেদ এন্টারপ্রাইজকে দেয়নি।
২৫০ শয্যার জেনারেল হাসপাতালের যন্ত্রপাতি কেনাকাটায় আর্থিক অনিয়মের অভিযোগ নিয়ে গত ১০ এপ্রিল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় আলোচনা হয়। এতে ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাংসদ জিয়াউদ্দিন আহমেদ সভাপতিত্ব করেন। সভায় চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনকে আহ্বায়ক ও সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকীকে সদস্যসচিব করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। কমিটির অপর সদস্য হলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রামের যুগ্ম সম্পাদক ফয়সাল ইকবাল চৌধুরী।
জানতে চাইলে তদন্ত কমিটির সদস্য ফয়সাল ইকবাল চৌধুরী বলেন, আইসিইউ যন্ত্রপাতির কোনো চাহিদাপত্র হাসপাতালের রেজিস্টারে নেই। চাহিদাপত্র এবং কার্যাদেশ ছাড়াই ওই যন্ত্রপাতি ঠিকাদারি প্রতিষ্ঠান হাসপাতালে রেখে যায়। ভুয়া কার্যাদেশ তৈরি করে এসব যন্ত্রপাতি হাসপাতালে ঢোকানোর চেষ্টা করেছিল আহমেদ এন্টারপ্রাইজ। তদন্তে বিষয়টি ধরা পড়েছে। হাসপাতালের রেজিস্টারে ওই কার্যাদেশের কোনো উল্লেখ নেই।
ফয়সাল ইকবাল বলেন, যে স্মারকে (১০৭৭৪) দশ ধরনের যন্ত্রপাতি হাসপাতালে সরবরাহ করা হয়েছিল, সেই স্মারকের সঙ্গে একটি ১ লাগিয়ে (১০৭৭৪/১) ভুয়া কার্যাদেশটি তৈরি করা হয়েছে।
হাসপাতাল সূত্র জানায়, ১০৭৭৪/১ স্মারকের কার্যাদেশটিতে তারিখ দেওয়া রয়েছে গত বছরের ৩০ এপ্রিল। এটিতে তখনকার সিভিল সার্জন এবং হাসপাতালের তত্ত্বাবধায়ক সরফরাজ খান চৌধুরীর সই ছিল। তবে সিভিল সার্জন কার্যালয়ের হিসাবরক্ষকের সই ছিল না। গত বছরের ৪ মে সিভিল সার্জন সরফরাজ খান স্বাস্থ্যসচিব বরাবর আইসিইউ যন্ত্রপাতি কেনার প্রশাসনিক এবং অর্থ বরাদ্দের অনুমোদন চেয়ে চিঠি লেখেন। চলতি বছরের ১৬ মে মন্ত্রণালয় থেকে প্রশাসনিক অনুমোদন এবং ২৫ মে অর্থ ছাড়ের অনুমোদন করা হয়।
হাসপাতাল সূত্র জানায়, দরপত্রের নিয়ম অনুযায়ী কার্যাদেশ দেওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে চুক্তিপত্র হয়। এরপর মোট কাজের (দরপত্রের) ১০ শতাংশ নিরাপত্তা জামানত ব্যাংক হিসাবে জমা দিতে হয়। আইসিইউ যন্ত্রপাতি সরবরাহের ক্ষেত্রে এর কিছুই করা হয়নি।
এ বিষয়ে আহমেদ এন্টারপ্রাইজের কর্মকর্তা মুন্সি সাজ্জাদ আহমেদ বলেন, ‘আমরা আইসিইউ যন্ত্রপাতি এক বছর আগে ওই হাসপাতালে রেখে এসেছিলাম। তখনো এটির কার্যাদেশ হয়নি। পরে কার্যাদেশ পাই। কিন্তু এখন তদন্ত কমিটি বলছে কার্যাদেশ ভুয়া। যদি ভুয়া হয় তাহলে তখনকার সিভিল সার্জন সরফরাজ খানকে জিজ্ঞেস করেন।’ আইসিইউ যন্ত্রপাতি সরবরাহের আগে কোনো চুক্তি কিংবা নিরাপত্তা জামানত দেওয়া হয়েছিল কি না—জানতে চাইলে তিনি বলেন, ‘না, দেওয়া হয়নি। এখন যেহেতু কার্যাদেশই ভুয়া বলছে, তাহলে ওই যন্ত্রপাতি নিয়ে আসব।’
জানতে চাইলে ওই সময় সিভিল সার্জনের দায়িত্ব পালন করা সরফরাজ খান চৌধুরী (বর্তমানে অবসরপ্রাপ্ত) মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘সবকিছু নিয়ম মেনেই করা হয়েছে। অর্থ ছাড় হয়নি বলে তখন আইসিইউ যন্ত্রপাতি গ্রহণ করা হয়নি। এখন কেন ওই কার্যাদেশকে ভুয়া বলা হচ্ছে, তা আমি জানি না। তবে এসব করা হচ্ছে কাউকে হেয় করার জন্য।’
অবশ্য তদন্ত কমিটির সদস্যসচিব এবং বর্তমান সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী প্রথম আলোকে বলেন, ওই কার্যাদেশের যে স্মারক নম্বর দেওয়া হয়েছে রেজিস্টারে এর অস্তিত্ব নেই। এমনকি জেনারেল হাসপাতালে আইসিইউ চালু করার মতো অবকাঠামোও নেই।
অনিয়ম-দুর্নীতিসংক্রান্ত প্রতিবেদন জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির পরবর্তী সভায় উপস্থাপন করা হতে পারে বলে তদন্ত কমিটি সূত্র জানায়। তবে পরবর্তী সভার তারিখ এখনো নির্ধারণ করা হয়নি।