ভুয়া ক্রেডিট কার্ড ব্যবহারে ওস্তাদ সেলিম হায়দার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেলিম হায়দার
সেলিম হায়দার

ভুয়া ক্রেডিট কার্ড ব্যবহার করে মোবাইলের মূল্য পরিশোধ করেছেন বহুবার। কিন্তু গত এপ্রিল মাসে ধরা পড়ে যান স্যামসাং শোরুমের লোকজনের কাছে। তার নাম সেলিম হায়দার (৩৩)। আজ বুধবার আদালতে ভুয়া ক্রেডিট কার্ড ব্যবহারের কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন তিনি। পুলিশ জানিয়েছে, তিনি সংঘবদ্ধ ক্রেডিট কার্ড জালিয়াতির সক্রিয় সদস্য।
আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক নিজাম উদ্দিন ফকির প্রথম আলোকে বলেন, আসামি সেলিম ভুয়া ক্রেডিট কার্ড ব্যবহারের কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। এর আগে কাফরুল থানায় করা মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক মো. মমিনুল ইসলাম সোহেল আসামিকে আদালতে হাজির করে জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন।

আদালতে জমা দেওয়া প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত ২১ এপ্রিল মিরপুর এলাকার একটি স্যামসাং শোরুমে নিজেকে আল মামুন পরিচয় দেন। পরে তিনি ক্রেডিট কার্ডের মাধ্যমে মোবাইলের মূল্য পরিশোধ করতে চান। কিন্তু শোরুমের লোকজনের তাকে নিয়ে সন্দেহ হয়। এর আগে এই আসামি শ্যামলী থেকে মিরপুর পর্যন্ত স্যামসাংয়ের বিভিন্ন শোরুম থেকে ভুয়া ক্রেডিট কার্ড ব্যবহার করে মোবাইলের মূল্য পরিশোধ করেছে। পরে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে শোরুমের লোকজন। তার কাছ থেকে ‘ব্যাংক এশিয়া’ ও ‘ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের’ ভুয়া ক্রেডিট কার্ড জব্দ করা হয়।

জবানবন্দি রেকর্ডের আবেদনে আরও উল্লেখ করা হয়েছে, আসামি স্বীকার করেছে সে ভুয়া ক্রেডিট কার্ড ব্যবহার করে মোবাইলের মূল্য পরিশোধ করেছে। তিনি সংঘবদ্ধ ক্রেডিট কার্ড জালিয়াতির সক্রিয় সদস্য।