সোনালী ব্যাংকের পাথরঘাটা শাখায় ভুয়া গ্রাহক সাজিয়ে কৃষিঋণ দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার রাতে ব্যাংকের ব্যবস্থাপকের স্থানীয় কলেজ রোডের বাড়ির সামনে একজন গ্রহীতার নামে ৩০ হাজার টাকা ঋণ তুলে তিনজন দালাল তাঁকে আট হাজার টাকা দিয়ে বুঝ দিতে চান। এ নিয়ে বাগ্বিতণ্ডা হলে ঘটনা ফাঁস হয়ে যায়।
ঘটনার প্রত্যক্ষদর্শী ফারুক পঞ্চায়েত বলেন, ঋণের টাকা নিয়ে সোহরাব হোসেন, আনোয়ার হোসেন ও শহিদুল ইসলাম নামের ব্যাংকের তিন দালালের সঙ্গে কথিত গ্রহীতা মো. বাশারের বাগ্বিতণ্ডা হচ্ছিল। ৩০ হাজার টাকা কৃষিঋণ উত্তোলন করে বাশারকে আট হাজার টাকা দিয়ে ব্যাংকের দালালেরা তাঁকে বিদায় করতে চেয়েছিলেন। পরে ওই রাতে দালালদের সঙ্গে আগের মৌখিক চুক্তি অনুযায়ী ১০ হাজার টাকা দেওয়া হয় বাশারকে।
সোনালী ব্যাংক পাথরঘাটা শাখা কার্যালয় ও ওই শাখার একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, ব্যাংকের এ শাখায় ১০ থেকে ১২ জন দালাল নিয়মিত কাজ করেন। তাঁদের মধ্যে সোহবার হোসেন মাঠকর্মী গোলাম সরোয়ারের সহকারী হিসেবে ব্যাংকের টেবিল-চেয়ারে বসে দীর্ঘদিন ধরে ঋণ বিতরণের কাজ করছেন।
মো. বাশার বলেন, ‘জমির ভুয়া কাগজপত্র ও নকল পরিচয়পত্র তৈরি করে আমার নামে ৩০ হাজার টাকার কৃষিঋণ ছাড় করান ব্যাংকের দালাল সোহরাব হোসেন।’ তিনি আরও জানান, গত বৃহস্পতিবার এ ঋণ মঞ্জুর করেন ব্যাংকের পাথরঘাটা শাখা ব্যবস্থাপক মো. সামসুল হক। ওই দিন ঋণের টাকা আনতে ব্যাংকে গেলে বেশ কয়েকবার ঘুরিয়ে রাতে তাঁর বাসায় যেতে বলেন সামসুল হক। এর আগে সোহরাব তাঁকে (বাশার) নিজের বাড়িতে নিয়ে বেশ কিছু কাগজপত্রে তিনি সই করিয়ে নেন। তবে ওই সব ভুয়া কাগজপত্র সোহরাবের তৈরি করা। তিনি শুধু দুই কপি ছবি দিয়েছেন। ঋণের কাগজপত্রে সই দেওয়ার সময় তাঁদের সঙ্গে মৌখিক চুক্তি হয়, ৩০ হাজার টাকা ঋণ উত্তোলন করে তাঁকে (বাশার) ১০ হাজার টাকা দেওয়া হবে। বাকি ২০ হাজার টাকা সামসুল হক, মাঠকর্মী গোলাম সরোয়ারসহ ওই দালালেরা ভাগাভাগি করে নেবেন। কিন্তু ১০ হাজার টাকার পরিবর্তে তাঁকে আট হাজার টাকা দিলে ওই দিন রাতে সামসুল হকের বাসার সামনে দালালদের সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডা হয়।
বাশার আরও বলেন, তিনি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের ভোটার হলেও পাথরঘাটার ছোটটেংরা গ্রামের বাসিন্দা পরিচয়ে তাঁর নামে ঋণ তোলা হয়।
ভুয়া নাম-ঠিকানা ব্যবহার করে ঋণ তোলা প্রসঙ্গে গোলাম সরোয়ার গতকাল রোববার বলেন, ‘আমি তাঁর সব কাগজপত্র সঠিক পেয়েছি। তাই ঋণের জন্য প্রস্তাব করেছি।’
সোহরাব হোসেন বলেন, ‘আমি এসবের কিছুই জানি না। আমি গ্রাহকদের কাজ-কর্মে সহায়তা করি মাত্র। শুনেছি, বাশার মিয়ার ঋণের টাকা পরে ব্যাংকে জমা দেওয়া হয়েছে। এখন আর তা নিয়ে ঝামেলা নেই।’
মো. সামসুল হক বলেন, ‘বিষয়টি আমার জানা নেই।’ আপনার বাড়ির সামনে এ নিয়ে বাগ্বিতণ্ডা হয়েছে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, একটু জটিলতা হয়েছিল। পরে পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি বিষয়টি মিটমাট করে দেওয়ার পর ওই ঋণের অর্থ গতকাল জমা করে দেওয়া হয়েছে।