ভুয়া গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের আদালতে তিনটি ভুয়া গ্রেপ্তারি পরোয়ানা পাওয়া গেছে। পরোয়ানাগুলো যাচাই করে সেগুলো ভুয়া প্রমাণিত হওয়ায় রক্ষা পেয়েছে তিনটি পরিবার। পুলিশের দাবি, শত্রুতার জের ধরে একটি মহল এ রকম ভুয়া পরোয়ানা তৈরি করে আদালতে পাঠায়। ওই পরোয়ানার আসামিরা গ্রেপ্তার হলে চরম দুর্ভোগে পড়তে হতো।
বরিশালের আদালতসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে দায়ের করা একটি মামলা নথি দেখিয়ে ওই ভুয়া পরোয়ানা জারি করা হয়েছে। ওই আদালতের সিআর ৪৮৯/১৩ হত্যা মামলায় গত বছর ডিসেম্বর মাসে বরিশাল জেলার মুলাদী উপজেলার কিঞ্চাপুর গ্রামের বাসিন্দা হারুন রাড়ীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। গত ১৩ জানুয়ারি পরোয়ানাটি বরিশাল পুলিশ সুপারের কার্যালয়ে আসে। পুলিশ সুপার ব্যবস্থা নেওয়ার জন্য কোর্ট ইন্সপেক্টরকে দায়িত্ব দেন।
একইভাবে গত ২৯ মে আরও দুটি পরোয়ানা ঢাকা থেকে পুলিশ সুপারের কার্যালয়ে পাঠানো হয়। পুলিশ সুপার ওই পরোয়ানা দুটিও গত ১১ জুন আদালতের পুলিশ পরিদর্শক মো. সুলতান আহম্মেদের কাছে পাঠান। হত্যার প্ররোচনায় দায়ের হওয়া মামলায় মুলাদী উপজেলার চরগাছিয়া গ্রামের মান্নান চৌকিদার ও তাঁর বাবা আবদুল মজিদ চৌকিদারের বিরুদ্ধে ওই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
আদালতের পুলিশ পরিদর্শক মো. সুলতান আহম্মেদ গ্রেপ্তারি পরোয়ানা তিনটি নিয়ে তদন্ত শুরু করেন। সংশ্লিষ্ট আদালতের সঙ্গে যোগাযোগ করতে গিয়ে সমস্যায় পড়েন তিনি। পরোয়ানায় যে সিলমোহর ব্যবহার করা হয়েছে, ওই নামে কোনো আদালত নেই। পরে ওই পরোয়ানা বাতিল করেন।
মো. সুলতান আহম্মেদ গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, ভুয়া গ্রেপ্তারি পরোয়ানায় যদি কোনো আসামি গ্রেপ্তার হন, তবে তাঁকে চরম দুর্ভোগ পোহাতে হয়। পূর্বশত্রুতার জের ধরে একটি মহল এ রকম পরোয়ানা তৈরি করে।
পুলিশ সুপার মো. এহসানউল্লাহ বলেন, একটি চক্র মানুষকে হয়রানি করার জন্য এভাবে ভুয়া গ্রেপ্তারি পরোয়ানা তৈরি করে। এর সঙ্গে আদালতের কিছু অসাধু লোক জড়িত। এর আগে আরও কয়েকটি ভুয়া গ্রেপ্তারি পরোয়ানা ধরা পড়েছে।