প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাঁর চিকিৎসা ব্যবস্থাপত্রের প্যাডে লেখা রয়েছে ‘ডা. সুজন দেবনাথ (আপন), সার্জারিতে প্রশিক্ষণপ্রাপ্ত, মা ও শিশু রোগে অভিজ্ঞ’। কিন্তু ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বেরিয়ে এল অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন তিনি। এই জ্ঞান নিয়েই চট্টগ্রাম নগরের সাগরিকা রোডে দুমাস ধরে তিনি রোগী দেখে আসছিলেন। অবশেষে ভ্রাম্যমাণ আদালতের হাতে ধরা পড়ে এক লাখ টাকা জরিমানা দিতে হলো এই ভুয়া চিকিৎসককে। সুজন দেবনাথের মতো আরও দুই ভুয়া চিকিৎসককে জরিমানা গুনতে হয়েছে ভ্রাম্যমাণ আদালতের কাছে। জেলা প্রশাসন ও ঔষধ প্রশাসন যৌথভাবে গতকাল শনিবার এই অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন। ঔষধ প্রশাসনের ওষুধ তত্ত্বাবধায়ক মুহসীনিন মাহবুব এ সময় সঙ্গে ছিলেন। নগরের পাহাড়তলী থানার সাগরিকা রোড ও অলংকারে এই অভিযান চালানো হয়।