ভুয়া চিকিৎসককে জরিমানা ক্লিনিক সিলগালা
রাজশাহীর পবা উপজেলার নওহাটা বাজারে গতকাল ভ্রাম্যমাণ আদালত তিনটি বেসরকারি ক্লিনিকে অভিযান চালিয়েছেন। আদালত একজন ভুয়া চিকিৎসকসহ তিনটি ক্লিনিকের মালিককে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছেন এবং একটি ক্লিনিক সিলগালা করে দিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে ইউএনও কাইছারুল ইসলামের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ইউএনও কাইছারুল ইসলাম বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি এ জন্য এলাকাবাসীকে সজাগ থাকার আহ্বান জানান।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, নওহাটা বাজারে অবস্থিত ইসলামি জেনারেল হাসপাতাল, আনোয়ারা ফার্মেসি ও মাদার কেয়ার ক্লিনিকে অভিযান চালানো হয়। এর মধ্যে আনোয়ারা ফার্মেসিতে একজন ভুয়া চিকিৎসক পাওয়া গেছে। তাঁর বিরুদ্ধে টিউমার অপারেশন করতে গিয়ে একজন নারীর জরায়ু কেটে ফেলার অভিযোগ রয়েছে। তাঁর কাছ থেকে আর কোনো দিন কাউকে চিকিৎসা দেবেন না মর্মে মুচলেকা নিয়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় এবং ফার্মেসিটি সিলগালা করে দেওয়া হয়।
ইসলামি জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসাসেবা দেওয়া এবং রক্ত পরিসঞ্চালন আইনসম্মত উপায়ে না করার অভিযোগে ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে ক্লিনিক চালানোর দায়ে মাদার কেয়ার ক্লিনিকের কাছ থেকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।