নওগাঁর পত্নীতলায় এক ভুয়া চিকিৎসক ও তাঁর দুই সহযোগীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার রাতে ভ্রাম্যমাণ আদালত এই রায় দেন। এ ছাড়া ‘আশা ক্লিনিক’ নামের একটি ক্লিনিক সিলগালা ও মালামাল জব্দ করার নির্দেশ দেন আদালত।
আটক ব্যক্তিরা হলেন পত্নীতলা উপজেলার নজিপুর ইউনিয়নের নাদোর গ্রামের বাসিন্দা ময়েন উদ্দিন (৫৮), তাঁর ছেলে দেলোয়ার হোসেন (৩০) এবং হরিপুর গ্রামের বাসিন্দা বাবুল আকতার (৪২)।
ভারপ্রাপ্ত উপজেলা স্থাস্থ্য অধিদপ্তর ও থানা সূত্রে জানা যায়, পত্নীতলা নজিপুর পৌরসভার আলহেরা পাড়ায় অবস্থিত একটি বাসার নিচতলা ভাড়া নিয়ে ‘আশা ক্লিনিক’ নামে একটি ক্লিনিক দীর্ঘদিন ধরে পরিচালনা করে আসছিলেন ময়েন উদ্দিন। গত সোমবার রাত নয়টার দিকে ময়েন এক রোগীর অস্ত্রোপচার করছেন বলে গোপন সূত্রে খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীন ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রাজিকুল ইসলাম ওই ক্লিনিকে অভিযান পরিচালনা করেন। সেখানে অস্ত্রোপচারকক্ষে ময়েন উদ্দীনকে অস্ত্রোপচার করা অবস্থায় আটক করা হয়। অস্ত্রোপচারে তাঁকে সহায়তার জন্য ময়েনের ছেলে দেলোয়ার ও সহযোগী বাবুলকেও এ সময় আটক করা হয়। পরে সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ময়েন উদ্দীনকে এক বছর নয় মাস সশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেন। দুই সহযোগী দেলোয়ার ও বাবুল প্রত্যেককে এক বছর করে সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া আদালত ক্লিনিকটি সিলগালা ও মালামাল জব্দের নির্দেশ দেন।
ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাজিকুল ইসলাম বলেন, তাঁদের কাছে চিকিৎসা সনদ দেখতে চাইলে তাঁরা কোনো সনদ দেখাতে পারেননি। জিজ্ঞাসাবাদে জানা গেছে, ময়েন উদ্দীনের সবোর্চ্চ শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস। তিনি দীর্ঘদিন নজিপুর ও নওগাঁ শহরের বিভিন্ন ক্লিনিকে ওটি বয় হিসেবে কাজ করেছেন। এক যুগেরও বেশি সময় ধরে কোনো ধরনের চিকিৎসা সনদ ছাড়াই তিনি জেলার বিভিন্ন ক্লিনিকে অস্ত্রোপচার করে আসছিলেন।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দীন বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী তাঁদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।
সিভিল সার্জন এ কে এম মোজাহার হোসেন বলেন, এই ধরনের অযোগ্য ও অদক্ষ লোকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিকিৎসা বিভাগের পক্ষ থেকে প্রশাসনকে সব ধরনের সহায়তা করা হবে।