ভুয়া চিকিৎসকের হাতে শতাধিক অস্ত্রোপচার!
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় একজন ভুয়া চিকিৎসকসহ দুজনকে গত বুধবার গভীর রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুয়া চিকিৎসক এমবিবিএস চিকিৎসক সেজে উপজেলার জননী ক্লিনিকে শতাধিক রোগীর অস্ত্রোপচার করেন। তাদের মধ্যে একজনের মৃত্যুর ঘটনায় মামলা করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া দুজনের একজন মাহফুজ আলম (২৭), যিনি মাসুদ রানা নামের এক এমবিবিএস চিকিৎসকের সনদ জাল করে চিকিৎসক বনে যান। তাঁর বাড়ি নওগাঁর বদলগাছী উপজেলার জগদীশপুর গ্রামে। অপরজন হলেন জননী ক্লিনিকের পরিচালনা পর্ষদের সদস্য প্রকাশ চন্দ্র সাহা (২৮)। তিনি নাচোল শহরের বাসিন্দা।
নাচোল থানা-পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত সোমবার সন্ধ্যায় নাচোলের বাইপুর গ্রামের নাসির উদ্দিনের মেয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী নাহিদা খাতুনের (১৪) পেট ব্যথা শুরু হয়। তাকে জননী ক্লিনিকে ভর্তি করা হয়। ক্লিনিকে চিকিৎসক হিসেবে কর্তব্যরত মাহফুজ আলম নাহিদার অ্যাপেন্ডিসাইটিস হয়েছে জানিয়ে দ্রুত অস্ত্রোপচারের কথা বলেন। তিনি ওই দিন রাতেই নাহিদার অস্ত্রোপচার করেন। কিন্তু নাহিদার অবস্থার অবনতি হতে থাকে। বুধবার তাকে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকদের পরামর্শে ওই দিনই নাহিদাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কিন্তু সেখানে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় বুধবার রাতে নাহিদার বাবা নাসির উদ্দিন বাদী হয়ে মাহফুজ আলমের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা করেন। মামলার পরপরই পুলিশ মাহফুজকে ক্লিনিক থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। বৃহস্পতিবার বিকেলে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। প্রকাশ চন্দ্র সাহাকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা হয়। গতকাল শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, মাহফুজ আলমকে কারাগারে পাঠানোর আগে তাঁরা প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছেন। এতে তিনি ভুয়া চিকিৎসক সেজে রোগীদের অস্ত্রোপচার করে আসছিলেন বলে স্বীকার করেন। তিনি নিজের নাম দেন মাসুদ রানা। এমবিবিএস পাসের ভুয়া সনদ জমা দেন। মূলত তিনি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় কর্মরত মাসুদ রানা নামের এক সরকারি চিকিৎসকের সনদ জাল করেন।
জননী ক্লিনিকের পরিচালনা পর্ষদের সভাপতি আমানুল্লাহ আল মাসুদ বলেন, মাহফুজ আলমকে তাঁরা মাস তিনেক আগে নিয়োগ দিয়েছিলেন। এর আগে তিনি গোমস্তাপুর উপজেলার বিভিন্ন ক্লিনিকে চিকিৎসক হিসেবে কাজ করতেন বলে জেনেছেন। জননী ক্লিনিকে নিয়োগ পাওয়ার পর তিনি এই ক্লিনিকসহ নাচোলের ও পাশের উপজেলার বিভিন্ন ক্লিনিকে অস্ত্রোপচার করতেন। শুধু জননী ক্লিনিকেই তিনি শতাধিক অস্ত্রোপচার করেছেন। তাঁরা বুঝতেই পারেননি যে মাহফুজ একজন ভুয়া চিকিৎসক। এ ছাড়া তাঁর জমা দেওয়া সনদটিও দেখে ভুয়া বলে মনে হয়নি।