ভুয়া জামানতে ব্যবসায়ীকে ৪৪ কোটি টাকা ঋণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুয়া জামানত দেখিয়ে এক ব্যবসায়ীকে ৪৪ কোটি নয় লাখ টাকার বেশি ঋণ দিয়েছে দুটি ব্যাংক। এতে সহায়তা করেন ব্যাংকের সাত কর্মকর্তাসহ আটজন। আর ঋণের পুরো টাকাই আত্মসাৎ করেন তিনি।
বন্ধক দেওয়া হয়নি—এমন সম্পত্তিকে তথাকথিত জরিপের (সার্ভে) আওতায় এনে ও এ সম্পর্কে মিথ্যা মূল্যায়ন করে ওই ঋণ পাইয়ে দেওয়া হয়। দুর্নীতি দমন কমিশনের (দুদক) অর্থ পাচারসংক্রান্ত এক মামলায় দাখিল করা অভিযোগপত্রে এসব অভিযোগ করা হয়েছে। এই অভিযোগে ওই নেতাসহ নয়জনের বিরুদ্ধে শুরু হতে যাচ্ছে বিচারকাজ।
অভিযুক্ত ব্যবসায়ী হলেন বিএনপি নেতা আলী আব্বাস। তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও মেসার্স আব্বাস ট্রেডিং নামের একটি প্রতিষ্ঠানের কর্ণধার।
জানা যায়, ৪৪ কোটি ৩৫ লাখ ৮১ হাজার ৭৫৩ টাকা আত্মসাতের অভিযোগে মামলাটি গত বছর ২৪ জানুয়ারি করেন দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মাহবুবুল আলম। আসামি করা হয় ১০ জনকে। তদন্ত করেন একই কার্যালয়ের উপপরিচালক সৈয়দ ইকবাল হোসেন ও বাদী মাহবুবুল আলম নিজে। ২৯ সেপ্টেম্বর অভিযোগপত্র দাখিল করা হয়।
অভিযোগপত্র অনুযায়ী, আলী আব্বাস ছাড়াও মামলার অন্য অভিযুক্ত ব্যক্তিরা হলেন—ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) খাতুনগঞ্জ শাখার কর্মকর্তা মো. জাকারিয়া, মো. ইউনুছ, শফিউল আলম, কৃষি ব্যাংকের আগ্রাবাদ শাখার কর্মকর্তা আলমপনা ওলী নেওয়াজ খান, আলী হোছাইন, মো. সায়েদুজ্জামান, মনোয়ারুল কবির খন্দকার এবং জিওডেটিক সার্ভে করপোরেশন নামের একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) গোলাম কবির।
অন্যদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় কৃষি ব্যাংকের মহাব্যবস্থাপক (বর্তমানে অবসরে) সিরাজুল ইসলামকে অভিযোগপত্র থেকে অব্যাহতি দিয়েছে দুদক।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়ে, ভুয়া জমি ও ভবন দেখিয়ে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের খাতুনগঞ্জ শাখা ও কৃষি ব্যাংকের আগ্রাবাদ করপোরেট শাখা থেকে মোট ১৩৮ কোটি টাকা দুটি ঋণসীমা মঞ্জুর করিয়ে নেন আলী আব্বাস। দুটি ঋণ মঞ্জুরের ক্ষেত্রেই ব্যাংক দুটির ওই কর্মকর্তারা জামানতকৃত সম্পত্তি যথাযথ বলে প্রতিবেদন দেন। অথচ আলী আব্বাস যেসব ভবন ও জমি বন্ধক দেখিয়ে ঋণ নিয়েছেন, সেগুলোর সঙ্গে ব্যাংকে জমা দেওয়া কাগজপত্রের মিল নেই।
দুদকের তদন্তে দেখা গেছে, খাদ্যশস্য আমদানির কথা উল্লেখ করে ঋণ নিয়েছিলেন আলী আব্বাস। বিভিন্ন সময়ে খোলা ঋণপত্রের বিপরীতে ঋণ নিয়ে পণ্য আমদানি করেন তিনি। কিন্তু শর্ত অনুযায়ী পণ্য বিক্রির টাকা ব্যাংকে জমা না দিয়ে দায় রেখে দেন এবং সেই টাকা দিয়ে নিজের ও স্ত্রীর নামে সাড়ে ১২ কোটি টাকার জমি কেনেন। বাকি টাকার অবস্থান গোপন করেন তিনি। এভাবে তিনি মোট ৪৪ কোটি ৩৫ লাখ টাকার বেশি আত্মসাৎ করেন। ২০০৯ সালের সেপ্টেম্বর থেকে ২০১২ সালের জুনের মধ্যে ঘটেছে এসব ঘটনা।
অভিযোগপত্রে আরও বলা হয়, ইউসিবিএল ও কৃষি ব্যাংকের অভিযুক্ত কর্মকর্তারা নিজেরা লাভবান হয়ে আলী আব্বাসকে অর্থ আত্মসাতে সহায়তা করেছেন। তাঁরা সঠিকভাবে বন্ধকি সম্পত্তি সার্ভে ও শনাক্ত করেননি, ঋণের টাকা যথাসময়ে জমার ব্যবস্থা করেননি। এ ছাড়া অন্যায়ভাবে নগদ অর্থ তোলার ব্যবস্থা করেও দেন তাঁরা।
অভিযোগপত্রের তথ্য অনুযায়ী, আলী আব্বাস প্রতিষ্ঠিত ব্যবসায়ী নন। নিজেকে ব্যবসায়ী হিসেবে পরিচিত করার জন্য কাগজে-কলমে একাধিক ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলেন এবং বিভিন্ন ব্যাংকে অনেক হিসাব খোলেন। এরপর নিজের এক ব্যাংকের হিসাবের সঙ্গে অন্য ব্যাংক হিসাবের লেনদেন দেখিয়ে ধূম্রজাল তৈরি করেন।
দুদক সূত্রে জানা গেছে, ভুয়া জামানতের বিষয়টি জানাজানি হওয়ার পর অনুসন্ধান শেষে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানায় ওই মামলা করা হয়েছিল। প্রায় পৌনে দুই বছর তদন্ত শেষে এর চূড়ান্ত অভিযোগপত্র দাখিল করা হয়। দুদকের মামলার কৌঁসুলি মাহমুদুল হক গতকাল সোমবার বলেন, ‘অভিযোগপত্রটি চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল জজের কাছে পাঠানোর নির্দেশ দিয়েছেন মুখ্য মহানগর হাকিম আদালত। দু-এক দিনের মধ্যেই সেটি পাঠানো হবে। এরপর আদালত বিচার শুরুর তারিখ নির্ধারণ করবেন।’