ভুয়া জামিননামায় মুক্তি: দুদক অভিযোগপত্র দিচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচারকের সই জাল করে ভুয়া জামিননামা দিয়ে শতাধিক ভয়ংকর আসামিকে কারাগার থেকে বের করে আনার ঘটনায় করা মামলায় পাঁচজনকে আসামি করে অভিযোগপত্র অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার কমিশন এ অভিযোগপত্র অনুমোদন দেয় বলে দুদক সূত্র প্রথম আলোকে নিশ্চিত করেছে।

অভিযোগপত্রে যাদের আসামি করা হচ্ছে তাঁরা হলেন: ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বরখাস্ত হওয়া বেঞ্চ সহকারী (পেশকার) মোসলেহ উদ্দিন ভূঁইয়া, মহানগর দায়রা জজ আদালতের নেজারত বিভাগের কর্মচারী (পিয়ন) শেখ মো. নাঈম, অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের উমেদার মো. আলমগীর হোসেন, জাহাঙ্গীর হোসেন ও মো. ইসমাইল।
সূত্র জানায়, মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক মো. শফি উল্লাহ শিগগিরই বিচারিক আদালতে অভিযোগপত্র জমা দেবেন।
সূত্রমতে, মামলার তদন্তে দেখা গেছে, ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ সামছুন্নাহারের সই জাল করে আদালতের ওই পাঁচ কর্মচারী পরস্পর যোগসাজশে ভুয়া জামিননামা তৈরি করে পরে তা কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে বিশেষ ও দায়রা জজ আদালতের ৭৪টি মামলার চিহ্নিত, দাগি ১০৬ আসামিকে মুক্ত করেছেন। ২০১৪ সালের ৮ জানুয়ারি থেকে ৭ জুন পর্যন্ত সময়ে ওই সব আসামিকে কারাগার থেকে ছাড়িয়ে নেওয়া হয়। জালিয়াতি করে মুক্ত হওয়াদের মধ্যে চাঞ্চল্যকর খুনের মামলার আসামি, তালিকাভুক্ত ভয়ংকর সন্ত্রাসী, মাদক ও জালটাকার ব্যবসায়ী রয়েছেন বলে তথ্য পাওয়া গেছে। পুলিশের খাতায় দুর্ধর্ষ এসব আসামি এখন পলাতক।
অভিযোগপত্রে বলা হয়েছে, ৭৪টি মামলার জামিনের আদেশ ছাড়াই আদালতের নথিতে জামিনের দরখাস্তসহ জামিননামা অন্তর্ভুক্ত করা হয়েছে। ওই সব জামিননামায় অতিরিক্ত মহানগর দায়রা জজ সামছুন্নাহারের স্বাক্ষর জাল করা হয়েছে। পাঁচ আসামি আদালতের ভেতরে অবস্থান করে বিচারকের অগোচরে ভুয়া জামিননামাগুলো তৈরি করেন। প্রতিটি মামলার জামিনের ক্ষেত্রে আসামিপক্ষের লোকজনের কাছ থেকে কম-বেশি তিন লাখ টাকা পর্যন্ত নিয়েছেন আসামিরা। এই হিসাব অনুযায়ী ১০৬ জনকে জামিন দিয়ে দিয়ে প্রায় আড়াই কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়।
জাল-জালিয়াতির মাধ্যমে ভুয়া জামিননামা কারাগারে পাঠিয়ে আসামিদের মুক্তির ব্যবস্থা করে অবৈধ অর্থ উপার্জনের অভিযোগে গত বছরের ১৩ জুলাই ঢাকা মহানগর দায়রা আদালতের প্রশাসনের পক্ষে নাজির ওবায়দুল হক আকন্দ বাদী হয়ে রাজধানীর কোতোয়ালি থানায় মামলা করেন। এতে আসামি করা হয় ওই আদালতের পেশকার মোসলেম উদ্দিন ও পিয়ন শেখ মোহাম্মদ নাঈমকে। অপরাধটি দুদকের তফসিলভুক্ত হওয়ায় তদন্তের জন্য মামলাটি দুদকে পাঠানো হয়। দীর্ঘ তদন্ত শেষে আরও তিনজনকে আসামি করে মোট পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন দিয়েছে দুদক।