ভুয়া ঠিকানার পাসপোর্ট নিয়ে দুবার ভারত যান হিযবুত নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের চট্টগ্রামের এক সমন্বয়ক পাসপোর্টে ভুয়া ঠিকানা ব্যবহার করে দুবার ভারতে যান। তবে পলাতক থাকা অবস্থায় সঠিক ঠিকানা উল্লেখ করেই এমআরপি (মেশিন রিডেবল পাসপোর্ট) পাসপোর্ট নেন। শেখ ওমর শরীফ আল মারুফ ওরফে রাসেল নামের ওই নেতা কিছুদিন বিচারিক হাকিমের দায়িত্বেও ছিলেন। জেলও খেটেছেন এক বছর।
চট্টগ্রামের খুলশী থানায় ২০১০ সালের ১৬ মে সন্ত্রাসবিরোধী আইনে প্রথম মামলা হয় হিযবুতের ওই নেতার বিরুদ্ধে। এ মামলায় গত বছরের ৯ নভেম্বর চট্টগ্রামে আদালতে আত্মসমর্পণ করেন তিনি। এখন কারাগারে রয়েছেন। তাঁর বিরুদ্ধে ঢাকার কলাবাগান ও চট্টগ্রামের কোতোয়ালি থানায় সন্ত্রাসবিরোধী আইনে আরও দুটি মামলা রয়েছে।
২০১০ সালের ৯ জুলাই ঢাকার কলাবাগান থেকে প্রথম গ্রেপ্তার হন ওমর শরীফ। এক বছর পর উচ্চ আদালত থেকে জামিন পান। পুলিশ জানিয়েছে, জামিন পেয়ে আবারও হিযবুতের সাংগঠনিক কাজে জড়িত হন তিনি।
শেখ ওমর পলাতক অবস্থায় কোথায় ছিলেন, তাঁর পেশা কী ছিল, কীভাবে পাসপোর্ট পেয়েছেন এসব বিষয় তদন্ত করে নগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) প্রতিবেদন দিতে গত বছরের ১৩ নভেম্বর চট্টগ্রামের প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস নির্দেশ দেন। তদন্ত শেষে গত বছরের ৩০ ডিসেম্বর আদালতে প্রতিবেদন জমা দেয় নগর ডিবি পুলিশ।
ডিবির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ওমর শরীফের জন্ম চাঁদপুর জেলার বটতলা গ্রামের নিউ ট্রাক রোড এলাকায়। চাঁদপুরের বাসিন্দা হলেও চট্টগ্রামের রাউজান সুলতানপুর গ্রামের ভুয়া ঠিকানা ব্যবহার করে পাসপোর্ট নেন শেখ ওমর। চট্টগ্রাম আঞ্চলিক পাসপোর্ট কার্যালয় থেকে ২০০৯ সালের জানুয়ারি মাসে পাসপোর্ট ইস্যু হয়। ওই মাসেই তিনি ভারতে যান। এরপর দ্বিতীয় দফায় ১৩ থেকে ১৬ আগস্ট পর্যন্ত ভারতে অবস্থান করেন তিনি।
২০০৯ সালে চট্টগ্রামের আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের উপপরিচালকের দায়িত্বে ছিলেন কফিল উদ্দিন। বর্তমানে তিনি সিলেট আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের পরিচালকের দায়িত্বে রয়েছেন। গত ৩১ ডিসেম্বর কথা হয় তাঁর সঙ্গে। ভুয়া ঠিকানা ব্যবহার করে ওমর ফারুক কীভাবে পাসপোর্ট পেয়েছিলেন এ বিষয়ে জানতে চাইলে প্রথম আলোকে তিনি বলেন, ‘অনেক আগের ঘটনা এখন মনে পড়ছে না।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়ার সময় হিযবুত তাহরীরের সঙ্গে জড়িয়ে পড়েন শেখ ওমর। মাস্টার্স পাস করে ২০০৮ সালের ২২ মে ফেনীতে বিচারিক হাকিম হিসেবে যোগদান করেন। আড়াই মাস পর ৭ আগস্ট চাকরি ছেড়ে দেন। পুলিশের দাবি, সংগঠনকে সময় দিতে বিচারকের চাকরি ছেড়ে দেন তিনি।
চাঁদপুরের সঠিক ঠিকানায় ২০১০ সালে ঢাকা থেকে পাসপোর্ট নেন ওমর শরীফ। এই পাসপোর্টটি জমা দিয়ে গত বছরের অক্টোবর মাসে ঢাকা থেকে এমআরপি পাসপোর্ট নেন তিনি। তাঁর ওই পাসপোর্টটি আদালতে জমা রয়েছে। সর্বশেষ পাসপোর্টটি যখন নেন তখন শেখ ওমর খুলশী থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলার অভিযোগপত্রভুক্ত পলাতক আসামি।
নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মো. মঈন উদ্দিন প্রথম আলোকে বলেন, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় পলাতক থাকাবস্থায় এমআরপি পাসপোর্ট নেন ওমর শরীফ। চট্টগ্রামের রাউজানের ভুয়া ঠিকানা ব্যবহার করে একটি পাসপোর্টও (পুরোনো) নেন। ওই পাসপোর্টটি দিয়ে তিনি দুবার ভারত গেছেন।
মঈন উদ্দিন বলেন, তদন্তে পাওয়া তথ্যগুলো আদালতে জমা দেওয়া হয়েছে। তিনি ভুয়া ঠিকানা ব্যবহার করে কী উদ্দেশ্যে ভারত গেছেন, তা তদন্ত করা হচ্ছে।
চট্টগ্রামের সরকারি কৌঁসুলি (পিপি) ফখরুদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, সাবেক বিচারিক হাকিম ওমর হিযবুত তাহরীরের অন্যতম সমন্বয়ক বলে পুলিশের তদন্তে উঠে এসেছে। ওই মামলায় এখন পর্যন্ত দুজনের সাক্ষ্য নিয়েছেন আদালত।