ভুয়া ঠিকানায় পাসপোর্ট পেতে মরিয়া রোহিঙ্গা নারীরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের বিভিন্ন এলাকার ভুয়া ঠিকানা দেখিয়ে পাসপোর্ট হাতিয়ে নিয়ে মধ্যপ্রাচ্যসহ মালয়েশিয়ায় যেতে মরিয়া মিয়ানমারের অনুপ্রবেশকারী রোহিঙ্গা নারীরা। সম্প্রতি জেলা পাসপোর্ট কার্যালয়ে এ রকম ৪০টি বেশি আবেদন স্থগিত করা হয়েছে। যার মধ্যে ২৪ জন রোহিঙ্গা নারী।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২৪ জুলাই কক্সবাজার পাসপোর্ট অফিসে জরুরি ভিত্তিতে (সাত দিন) পাসপোর্ট সরবরাহের জন্য আবেদন করে টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়ার মোহাম্মদ ইসলামের মেয়ে রাশেদা। এ জন্য কক্সবাজার সোনালী ব্যাংকে ছয় হাজার টাকার রাজস্বও পরিশোধ করা হয়। আবেদনপত্রে রাশেদার জন্মতারিখ উল্লেখ করা হয়েছে ১০ এপ্রিল ১৯৯৪। গত ২৮ এপ্রিল রাশেদার জন্মনিবন্ধন সনদ দেন সাবরাং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হামিদুর রহমান। কিন্তু পুলিশের অনুসন্ধানে ধরা পড়ে, আবেদনের ঠিকানা ভুয়া। রাশেদা মিয়ানমারের নাগরিক ও রোহিঙ্গা মেয়ে। এরপর পাসপোর্ট অফিস কর্তৃপক্ষ রাশেদার আবেদনটি স্থগিত করে।
একইভাবে মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের মগডেইল গ্রামের বাসিন্দা দেখিয়ে পাসপোর্টের জন্য আবেদন করে রোহিঙ্গা মেয়ে আলেয়া বেগম, রাজিয়া বেগম, গোলতাজ বেগমসহ অনেকে। পুলিশের তদন্তের পর তাদের আবেদনপত্রও স্থগিত করা হয়।
জেলা পাসপোর্ট কার্যালয়ের সহকারী পরিচালক শরিফুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, প্রতিদিন স্থানীয় অসংখ্য নারী-পুরুষ পাসপোর্টের জন্য আবেদনপত্র জমা দিচ্ছেন। এসব আবেদনপত্র পুলিশের মাধ্যমে স্থানীয় বা বাংলাদেশি কি না, তা যাছাই-বাছাই করে তারপর পাসপোর্ট সরবরাহ করা হয়। পুলিশের প্রতিবেদনে বিদেশি নাগরিক শনাক্ত হলে আবেদন স্থগিত রাখা হয়। বর্তমানে এ রকম স্থগিত আবেদনপত্রের সংখ্যা ৪৩। এর মধ্যে ১৮ বছরের নিচে মেয়ের সংখ্যা ২৪ জন। এরা সবাই মিয়ানমারের রোহিঙ্গা বলে সন্দেহ করা হচ্ছে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মনজুরুল আলম বলেন, সমুদ্রপথে হাজার হাজার রোহিঙ্গা মালয়েশিয়ায় চলে যাচ্ছে। কিছু রোহিঙ্গা মালয়েশিয়ায় পৌঁছে পরবর্তী সময়ে রোহিঙ্গা মেয়েদের বিমানে মালয়েশিয়ায় নিতে তৎপর হয়ে উঠেছে। দালালের মাধ্যমে রোহিঙ্গা মেয়েরা ভুয়া কাগজপত্র সন্নিবেশ করে পাসপোর্ট হাতিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে। কিন্তু আবেদনপত্র যাছাই-বাছাই করতে গিয়ে অনেকে ধরা পড়ছে। রোহিঙ্গারা যেন কোনো অবস্থায় পাসপোর্ট না পায়, সে ব্যাপারে ঊর্ধ্বতন মহলের কড়া নির্দেশনা রয়েছে।
এক প্রশ্নের জবাবে সহকারী পরিচালক বলেন, ‘পুলিশের তদন্ত প্রতিবেদন ছাড়া আবেদনপত্রের বিপরীতে পাসপোর্ট সরবরাহ করার ক্ষমতা আমাদের নেই। সে ক্ষেত্রে কোনো বিদেশি নাগরিক বাংলাদেশি হিসেবে পাসপোর্ট পেয়ে গেলে তার জন্য পুলিশ কর্তৃপক্ষ দায়ী থাকবে।’