ভুয়া ডাক্তার গ্রেপ্তার, লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিনি ক্যানসার বিশেষজ্ঞ, তিনি মেডিসিন বিশেষজ্ঞ, তিনিই আবার হিসাবরক্ষণ অফিসের সাবেক কেরানি। তাঁকে গত মঙ্গলবার রাত আটটার দিকে গ্রেপ্তার করার পর জরিমানা করা হয়েছে। খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতালের বড় চিকিৎসক পরিচয় দিয়ে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ভুয়া এই বিশেষজ্ঞ চিকিৎসকের নাম মনোয়ার হোসেন সরদার। তিনি খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক ও বিশিষ্ট ক্যানসার সার্জারি মনোয়ার হোসেনের নাম ব্যবহার করতেন। মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ময়নুল ইসলামের নেতৃত্বে পুলিশ তাঁকে শহরের পলাশপোলের কপোতাক্ষ ক্লিনিকের তাঁর চেম্বার থেকে আটক করে।
সাতক্ষীরার সিভিল সার্জন অফিসে কর্মরত চিকিৎসা কর্মকর্তা মো. আশিকুর রহমান জানান, যশোর জেলায় বাড়ি হিসাবরক্ষণ অফিসের সাবেক কর্মচারী মনোয়ার হোসেন সরদার কয়েকটি ক্লিনিকের ছত্রছায়ায় কখনো ক্যানসার বিশেষজ্ঞ, কখনো মেডিসিন বিশেষজ্ঞ বলে পরিচয় দিতেন। শহরের একশ্রেণির দালালের মাধ্যমে সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিক থেকে রোগীদের ভাগিয়ে আনতেন। জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ বিষয়টি জানতে পেরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ময়নুল ইসলামের নেতৃত্বে কপোতাক্ষ ক্লিনিক-সংলগ্ন তাঁর চেম্বারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাঁর কাছ থেকে বিপুল পরিমাণ ভুয়া ভিজিটিং কার্ড জব্দ করা হয়। তিনি তাঁর প্যাডে খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতালের নাম ব্যবহার করেন। এ ছাড়া বিভিন্ন প্রকার কথিত ডিগ্রি ব্যবহার করে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন।
অভিযানে এসব অভিযোগের সত্যতা পাওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ময়নুল ইসলাম তাঁকে এক লাখ টাকা জরিমানা করেন। অনাদায়ে এক মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। অভিযানের সময় তিনিসহ আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিসের চিকিৎসা কর্মকর্তা মো. আরিফুজ্জামান। তবে জরিমানার অর্থ পরিশোধ ও ভবিষ্যতে এমন কাজ করবেন না মর্মে মুচলেকা দেওয়ায় তাঁকে ছেড়ে দেওয়া হয়।