ভুয়া ডিআইজিসহ গ্রেপ্তার ৪
চাকরি দেওয়ার নাম করে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে শেরপুরে শনিবার রাতে পুলিশের ভুয়া ডিআইজিসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে ভুয়া পরিচয়পত্র, পরীক্ষার প্রবেশপত্র, নিয়োগপত্রসহ অন্যান্য কাগজপত্র জব্দ করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: নড়াইলের লোহাগড়া উপজেলার পাচুরিয়া গ্রামের রনি আমিন (৪০), ময়মনসিংহের কোতোয়ালি থানার রঘুরামপুর গ্রামের কামরুজ্জামান (৩৮), শেরপুর সদর উপজেলার নন্দীরপাড়া গ্রামের জুলহাস উদ্দিন (৪৮) ও বেতমারী পশ্চিমপাড়া গ্রামের আবু সাঈদ (২০)।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে গ্রেপ্তার রনি আমিন নিজেকে পুলিশের ডিআইজি ও গ্রেপ্তার কামরুজ্জামান তাঁর ব্যক্তিগত সহকারী পরিচয় দিয়ে পুলিশ, সেনা বাহিনী এবং বিমানবাহিনীতে চাকরি দেওয়ার নামে শেরপুরে বিভিন্নজনের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নেন। গ্রেপ্তার জুলহাস উদ্দিন ও আবু সাঈদ তাঁদের এ কাজে সহযোগিতা করতেন। সম্প্রতি তাঁরা বিমানবাহিনীতে চাকরি দেওয়ার নামে শেরপুর সদর উপজেলার তিন ব্যক্তির কাছ থেকে ২১ লাখ টাকা হাতিয়ে নেন। চাকরির বিষয়টিকে বিশ্বাসযোগ্য করে তোলার জন্য ওই তিনজনকে শেরপুর শহরের একটি প্যাথলজি প্রতিষ্ঠানে ডাক্তারি পরীক্ষা করান তাঁরা। এরপর তাঁদের হাতে ভুয়া নিয়োগপত্রও দেওয়া হয়। পরে ওই তিনজনকে প্রশিক্ষণের জন্য ময়মনসিংহে যেতে বলা হলে তাঁদের সন্দেহ হয়। ওই তিনজন বিষয়টি শেরপুর সদর থানা-পুলিশ জানান। পরে আজ রাত আটটার দিকে পুলিশ সদর থানা এলাকায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই চারজনকে গ্রেপ্তার করে।
শেরপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল) শাহজাহান মিঞা প্রথম আলোকে বলেন, এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে। রোববার তাঁদের আদালতে নেওয়া হবে।