ভুয়া দলিলে ব্যাংকঋণ, মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী উপজেলায় জমির ভুয়া দলিল ও কাগজপত্র দিয়ে ব্যাংকঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে দুই ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা হয়েছে। কর্তব্যে অবহেলার অভিযোগে ব্যাংকের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গত মঙ্গলবার বরিশালের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে সোনালী ব্যাংক গৌরনদী শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহ আলম বাদী হয়ে মামলা করেন। আদালতের বিচারক মো. শিহাবুল ইসলাম মামলাটি আমলে নিয়ে শমন জারির নির্দেশ দিয়েছেন।

আসামিরা হলেন উপজেলা সদরের গৌরনদী সুপার মার্কেটের ব্যবসায়ী সুরমা ট্রেডার্সের মালিক এস এম মনিরুজ্জামান ও আল হেলাল দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক আবদুল মালেক।

আদালত সূত্রে জানা গেছে, মার্কেট-সংলগ্ন উত্তর বিজয়পুর মৌজার ৫১ শতাংশ জমির দলিল ও কাগজপত্র ব্যাংকে জমা দিয়ে চার লাখ টাকা ঋণ নেন মনিরুজ্জামান। এর মালিকানা হিসেবে ব্যাংকে জমি বন্ধক দেন আবদুল মালেক। ঋণ নেওয়ার পর ব্যাংকের কোনো কিস্তি পরিশোধ করা হয়নি। এতে ব্যাংকের ৮ লাখ ২৩ হাজার ৯৩৬ টাকা পাওনা হয়। নোটিশ দিলেও কোনো টাকা ফেরত দেওয়া হয়নি। একপর্যায়ে ১৬ আগস্ট ব্যাংক কর্তৃপক্ষ আসামির ব্যবসাপ্রতিষ্ঠান সুরমা ট্রেডার্সে গিয়ে টাকার তাগাদা দিলে ঋণ নেওয়ার কথা অস্বীকার করে কর্মকর্তাদের লাঞ্ছিত করেন মনিরুজ্জামান। পরে ব্যাংকে কাগজপত্র যাচাই-বাছাই করে দেখা যায়, ঋণের অনুকূলে দেওয়া উত্তর বিজয়পুর মৌজার জমির কাগজপত্র ভুয়া।

ব্যবসায়ী মনিরুজ্জামান বলেন, ‘কাগজপত্র জাল কি না আমি জানি না। ব্যাংকের ঋণ কর্মকর্তা মো. আলী আহম্মেদ খান চুক্তির ভিত্তিতে আমাকে ঋণ দিয়েছেন।’

আলী আহম্মেদ বলেন, ‘জাল কাগজপত্র মনিরুজ্জামানই দিয়েছেন। তিনি আমাদের সঙ্গে প্রতারণা করেছেন।’

সোনালী ব্যাংকের গৌরনদী শাখার ব্যবস্থাপক শাহ আলম বলেন, ওই ঋণ বিতরণে অনিয়ম, দুর্নীতির অভিযোগে তৎকালীন ব্যবস্থাপক মো. আবদুর রশিদ ও ঋণ কর্মকর্তা আলী আহম্মেদকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।