ভুয়া নিয়োগপত্র দিয়ে ২৪ লাখ টাকা হাতিয়ে নিলেন অফিস সহায়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

শরীয়তপুরের ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের অফিস সহায়ক হালিমা খাতুন ভুয়া নিয়োগপত্র দিয়ে ২৪ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। শরীয়তপুরের জেলা প্রশাসকের (ডিসি) সই ও অফিস আদেশ জাল করে দুই ব্যক্তিকে নিয়োগপত্র দিয়েছিলেন তিনি। ভুক্তভোগী এক নারীর অভিযোগ তদন্ত করে এসব তথ্যের সত্যতা পেয়েছেন গোসাইরহাটের ইউএনও। তবে ওই অফিস সহায়ক সাত লাখ টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন।

আজ বৃহস্পতিবার শরীয়তপুরের ডিসি কাজী আবু তাহের অফিস সহায়ক হালিমা খাতুনকে সাময়িক বরখাস্ত করে তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা নেওয়ার নির্দেশ দিয়েছেন। এ ছাড়া এই বিষয়ে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছেন।

ঘটনা তদন্ত করা গোসাইরহাটের ইউএনও আলমগীর হোসাইন প্রথম আলোকে বলেন, উপজেলা প্রশাসনের একজন অফিস সহায়কের বিরুদ্ধে ডিসির সই ও অফিস আদেশ জাল করে ভুয়া নিয়োগপত্র বানিয়ে প্রতারণার অভিযোগের সত্যতা পাওয়া গেছে। অভিযোগকারী দাবি করেছেন ২৪ লাখ টাকা নেওয়ার কথা। তবে ওই অফিস সহায়ক ৭ লাখ টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন। এক মাসের কাছাকাছি সময় লেগেছে তদন্ত শেষ করতে। গতকাল বুধবার তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসকের দপ্তরে জমা দেওয়া হয়েছে।

শরীয়তপুরের ডিসি কার্যালয় ও ভুক্তভোগী পরিবার জানায়, ডামুড্যার ইউএনও কার্যালয়ের অফিস সহায়ক হালিমা খাতুনের বাড়ি গোসাইরহাট উপজেলার নাগেরপারা এলাকায়। তিনি গোসাইরহাট ইউএনও কার্যালয়ে কর্মরত ছিলেন। তাঁর বিরুদ্ধে মানুষের সঙ্গে প্রতারণা করে টাকা নেওয়ার অভিযোগ উঠলে গত ২০ জুন তাঁকে ডামুড্যায় বদলি করা হয়।

সূত্র জানায়, ২০১৯ সালের সেপ্টেম্বরে জেলা প্রশাসকের নিয়ন্ত্রণাধীন রাজস্ব অফিসগুলোতে অফিস সহায়ক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়। তখন হালিমা তাঁর পূর্ব পরিচিত গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া গ্রামের খাদিজা আক্তার ও তাঁর ভাই নাজমুল ব্যাপারীকে ওই পদে চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দেন। এ কথা বলে তিনি তাদের কাছ থেকে কয়েক দফায় ২৪ লাখ টাকা নেন। ২০১৯ সালের ১৫ নভেম্বর ওই পদে লিখিত পরীক্ষা হয়। কিন্তু খাদিজা ও তাঁর ভাই নাজমুল লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। তখন হালিমা তাদের আশ্বস্ত করেন যে লিখিত পরীক্ষায় না টিকলেও কোনো সমস্যা নেই। যথাসময়ে নিয়োগপত্র হাতে পাবেন দুই ভাই-বোন।

চলতি বছরের ২৮ জানুয়ারি জেলা প্রশাসক স্বাক্ষরিত নিয়োগ আদেশ দুই ভাই-বোনের হাতে তুলে দেওয়া হয়। তাদের ১ এপ্রিলের মধ্যে ডিসি কার্যালয়ে যোগদান করতে বলা হয়। খাদিজা ও নাজমুল যোগদান করতে গিয়ে জানতে পারেন, তাদের নিয়োগ আদেশটি সম্পূর্ণ জাল। এ ধরনের কোনো নিয়োগপত্র ডিসি কার্যালয় থেকে দেওয়া হয়নি। এরপর তাঁরা এ বিষয়ে হালিমার সঙ্গে যোগাযোগ করেন। হালিমা তখন তাদের নিয়োগপত্র বৈধ করে দেওয়ার আশ্বাস দেন। এভাবে দুই-তিন মাস তাদের ঘোরানো হয়। পরে ৭ জুন খাদিজা আক্তার জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেন। হালিমাকে ওই টাকা দেওয়ার কিছু প্রমাণও জমা দেন তিনি। ১২ জুলাই ডিসি কার্যালয়ের রাজস্ব শাখা থেকে গোসাইরহাটের ইউএনও আলমগীর হোসাইনকে বিষয়টি তদন্তের দায়িত্ব দেওয়া হয়।

ভুক্তভোগী খাদিজা আক্তার বলেন, ‘আমরা দুই ভাইবোন পড়ালেখা করে চাকরি খুঁজছিলাম। এমন অবস্থায় হালিমার সঙ্গে যোগাযোগ হয়। তিনি টাকার বিনিময়ে চাকরি দেওয়ার কথা বলেন। ২৪ লাখ টাকায় তাঁর সঙ্গে চুক্তি হয়। তিনি প্রতারণা করেছেন। সরকারি চাকরির আশা করতে গিয়ে আমরা এখন নিঃস্ব হয়ে গেছি।’

জানতে চাইলে অফিস সহায়ক হালিমা খাতুন প্রথম আলোকে বলেন, ‘সব সত্য আমি তদন্ত কমিটির কাছে বলেছি। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে তাঁরাই আমার কাছে এসে চাকরির জন্য বলেছিল। কিছু টাকাও তাঁরা দিয়েছিলেন। আমি তা ফেরত দিয়েছিলাম।’

শরীয়তপুরের জেলা প্রশাসক কাজী আবু তাহের প্রথম আলোকে বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর গোসাইরহাটের ইউএনওকে বিষয়টি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল। তদন্ত প্রতিবেদন পাওয়া গেছে। ওই অফিস সহায়কের বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হচ্ছে।