ভুয়া পরিচালকের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালকের মিথ্যা পরিচয়ে মানুষের সঙ্গে প্রতারণা করার অভিযোগে ইকবাল মহিউদ্দিন চৌধুরী নামের এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন করেছে দুদক।
গতকাল মঙ্গলবার কমিশনের সভায় ইকবালের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের অনুমোদন দেওয়া হয় বলে জানিয়েছে দুদকের জনসংযোগ বিভাগ। শিগগির মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের উপপরিচালক রফিকুল ইসলাম বিচারিক আদালতে অভিযোগপত্র জমা দেবেন।
দুদক সূত্র জানায়, ইকবাল মহিউদ্দিনের বিরুদ্ধে দণ্ডবিধির ৪১৯, ৪২০ ও ৪৬৮ ধারায় অভিযোগ আনা হয়েছে। গত ২৯ মার্চ রাজধানীর নিকুঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে অভিযোগ, বাংলাদেশ সরকারের মনোগ্রাম-খচিত একটি ভিজিটিং কার্ডে দুদকের পরিচালক (প্রশাসন) লেফটেন্যান্ট কর্নেল এম আই চৌধুরী পরিচয়ে দীর্ঘদিন ধরে মানুষকে ভয় দেখিয়ে অর্থ আদায় আর প্রতারণা করে আসছিলেন তিনি। অনুসন্ধান শেষে খিলক্ষেত থানায় মামলা করার পর তাঁকে গ্রেপ্তার করে দুদক। অনুসন্ধান ও তদন্ত কার্যক্রমের তত্ত্বাবধানে ছিলেন দুদকের পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলী।