ভুয়া পরিচয়ে ঈদের 'জামাকাপড়' নিতে গিয়ে ধরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রলীগের পরিচয় দিয়ে রাজধানীর কাঁটাবনের এক দোকান থেকে বিনা মূল্যে জামাকাপড় নিতে চাইলে একজনকে আটক করে পুলিশে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাঁর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের ভুয়া পরিচয়পত্র ব্যবহার করার অভিযোগে মামলা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে সৌরভ সাহা নামের ঢাকা কলেজের ওই ছাত্রকে নিউমার্কেট থানায় হস্তান্তর করা হয়। প্রথমে ছাত্রলীগের কর্মীরাই তাঁকে আটক করে।
ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান বলেন, সৌরভ সাহা কাঁটাবন মোড়ে একটি দোকান থেকে জগন্নাথ হল শাখা ছাত্রলীগের সহসভাপতি পরিচয় দিয়ে ঈদ উপলক্ষে বিনা মূল্যে জামা-কাপড় নিতে চায়। দোকানের ব্যবস্থাপক তাঁকে ফোন করে বিষয়টি জানালে ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মীকে পাঠিয়ে তাঁকে আটক করা হয়। তাঁকে ধরে প্রক্টরের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর এম আমজাদ আলী প্রথম আলোকে বলেন, আটক হওয়া ছাত্রটি ঢাকা কলেজের বলে স্বীকার করেছেন। কিন্তু তাঁর কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটি ভুয়া পরিচয়পত্র পাওয়া গেছে। তাঁকে নিউমার্কেট থানায় সোপর্দ করে একটি মামলা করা হয়েছে।