ভুয়া পরীক্ষার্থীর এক বছর জেল
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় গতকাল শুক্রবার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের করিম উদ্দিন পাবলিক পাইলট উচ্চবিদ্যালয় পরীক্ষাকেন্দ্র থেকে একজন ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত তাঁকে এক বছর কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। ওই ব্যক্তির নাম ওয়াহেদুল ইসলাম (২০)। তিনি রংপুরের গঙ্গাচড়া উপজেলার মহিপুর পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই কেন্দ্রে মমিনুর ইসলাম (৪০) নামের এক পরীক্ষার্থী ছিলেন। তিনি গঙ্গাচড়ার লক্ষ্মীটারি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তাঁর বদলে পরীক্ষায় বসেন ছোট ভাই ওয়াহেদুল ইসলাম। হল কর্তৃপক্ষ তাঁকে আটক করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুন ভূঁইয়ার ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। কালীগঞ্জ থানার ওসি আরজু মো. সাজ্জাদ হোসেন বলেন, ওয়াহেদুলকে কারাগারে পাঠানো হয়েছে।