ভুয়া পরোয়ানায় কারাবাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২২ দিন আগে ভুয়া পরোয়ানায় গ্রেপ্তার হয়ে ছয় দিন কারাবাস করেন বড় ভাই। এখন ছোট ভাইয়ের নামে পাঠানো হয়েছে আরেকটি ভুয়া পরোয়ানা। এর আগে একইভাবে ভুয়া পরোয়ানায় গ্রেপ্তার হয়ে ২৪ দিন কারাবাস করেছেন এক হতদরিদ্র রিকশাচালক।
সুনামগঞ্জ সদর থানা সূত্রে জানা গেছে, সম্প্রতি ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ থেকে সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর গ্রামের আলম হোসেনের (৪৫) নামে একটি পরোয়ানা থানায় এসেছে। ওই মামলায় (মামলা নম্বর ৪৩১/১৪) আলমের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইন ২০০০ (সংশোধিত-২০০৩)-এর ১১ (গ)/৩০ ধারায় অভিযোগ রয়েছে।
আলম হোসেনের আত্মীয় সুনামগঞ্জ জজকোর্টের আইনজীবী রমজান আলী বলেন, পুলিশ আলমকে খোঁজ করার পর ঢাকার সংশ্লিষ্ট আদালতে মামলার বিষয়ে খোঁজ নেন তাঁরা। পরে জানা যায়, যে মামলায় গ্রেপ্তারি পরোয়ানা এসেছে, সেটি ঢাকার শাহজাহানপুর থানার। মামলার বাদী ঢাকার শান্তিনগর এলাকার বাসিন্দা পপি আক্তার, আসামি একই এলাকার নাসির উদ্দিন খান। এজাহারে আলম হোসেনের নাম নেই।
রমজান আলী আরও বলেন, একই আদালতের নামে একই অভিযোগে পাঠানো আরেকটি ভুয়া গ্রেপ্তারি পরোয়ানায় গত ২৩ মে আলমের বড় ভাই ব্যবসায়ী আলী আহমদকে (৫০) গ্রেপ্তার করে সুনামগঞ্জ সদর থানার পুলিশ। পরে ওই আদালতে যোগাযোগ করে জানা যায়, পরোয়ানাটি ভুয়া। বিষয়টি জানিয়ে আদালতে আলী আহমদের জামিন এবং মামলা থেকে অব্যাহতির আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। ছয় দিন কারাবাস করে ২৮ মে মুক্তি পান তিনি।
গত বছরের অক্টোবর মাসে ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতের নামে পাঠানো অন্য একটি পরোয়ানায় গ্রেপ্তার হয়ে ২৪ দিন কারাবাস করেন সুনামগঞ্জের রিকশাচালক আনসার আলী (২৮)। দোয়ারাবাজার উপজেলার বড়খাল গ্রামে তাঁর বাড়ি। ১ অক্টোবর দোয়ারাবাজার থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পুলিশ ওই দিনই আনসারকে সুনামগঞ্জের বিচারিক হাকিম আদালতে হাজির করলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর ২০ অক্টোবর প্রথম আলোয় ‘মামলা নেই, তবু কারাগারে তিনি’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। পরদিন ঢাকার সংশ্লিষ্ট আদালত তাঁকে জামিন এবং মামলা থেকে অব্যাহতি দেন।
রঙ্গারচর গ্রামের ব্যবসায়ী আলী আহমদ বলেন, ‘আমাকে যখন গ্রেপ্তার করা হয়, তখন আমার পাশে সুনামগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র এবং একজন আইনজীবী উপস্থিত ছিলেন। পুলিশকে সবাই বলেছেন, আমার নামে ঢাকায় কোনো মামলা নেই। কিন্তু পুলিশ কারও কথা শোনেনি।’ তিনি বলেন, ‘বাজারের পাশের মসজিদের জমি নিয়ে একটি পক্ষের সঙ্গে গ্রামবাসীর সমস্যা আছে। আমরা গ্রামবাসীর পক্ষে থাকায় ওই পক্ষ আমাদের ওপর ক্ষুব্ধ বলে জানি। তাদের লোকজন ঢাকায় আছে।’
ঢাকা জজকোর্টের আইনজীবী মো. মুস্তাফিজ আলী পীর বলেন, ‘আলী আহমদকে গ্রেপ্তারের পর আমরা খোঁজ নিয়ে জানতে পারি, যে আদালতের নামে পরোয়ানা পাঠানো হয়েছিল, সেই আদালতে তাঁর নামে কোনো মামলার অস্তিত্ব নেই। এবার তাঁর ভাইয়ের নামে পরোয়ানা পাঠানোর পর একইভাবে খোঁজ নিয়ে জানা গেছে, সেটিও ভুয়া।’
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী শাখাওয়াত হোসেন বলেন, ‘আদালতের নাম, সিল ও স্বাক্ষর জালিয়াতি করে একটি সংঘবদ্ধ চক্র নিরীহ মানুষদের হয়রানি করার জন্য এসব করে থাকে। তবে আমাদের কাছে সরাসরি ডাকযোগে যেসব ওয়ারেন্ট (পরোয়ানা) আসে, সেগুলো আমরা কার্যকর করি না।’
সুনামগঞ্জের পুলিশ সুপার মো. হারুন অর রশিদ প্রথম আলোকে বলেন, ‘জেলার বাইরে থেকে আমাদের কাছে কোনো পরোয়ানা এলে আমরা আদালতের মাধ্যমে সেগুলো সংশ্লিষ্ট থানায় পাঠিয়ে দিই। তবে আসামিকে ধরার সময় সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার সেই মামলা সম্পর্কে যাচাই করা উচিত। এতে নিরপরাধ মানুষ হয়রানির শিকার হবে না।’