ভুয়া পুলিশ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের কাজীপুরে গতকাল সোমবার গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ পরিচয়ে চাঁদা দাবি করতে গেলে জহুরুল ইসলাম নামের এক প্রতারককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন। জহুরুলের বাড়ি উপজেলার সোনামুখী ইউনিয়নের স্থলবাড়ী গ্রামে। পুলিশ জানায়, সকাল ১০টায় উপজেলার গান্ধাইল বাজারে জহুরুল নিজেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে মুদি দোকানিদের কাছে চাঁদা দাবি করেন। এ সময় তাঁকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে এলাকাবাসী বুঝতে পারেন, জহুরুল ভুয়া পরিচয় দিচ্ছেন। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে। জহুরুলকে কারাগারে পাঠানো হয়েছে।