ভুয়া প্রকল্প দেখিয়ে ১৬ লাখ টাকা আত্মসাৎ!
গাইবান্ধা জেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) সংরক্ষিত বরাদ্দের প্রায় ১৫ লাখ ৭৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। ভুয়া প্রকল্প কমিটি দেখিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের যোগসাজশে পলাশবাড়ীর ব্যবসায়ী দীলিপ কুমার সাহা ওই টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে।
জেলা পরিষদ কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ৫ নভেম্বর এলজিআরডি মন্ত্রণালয় এডিপির সংরক্ষিত বরাদ্দের আওতায় এক কোটি টাকা বরাদ্দ দেয়। এর মধ্যে ২০১৪ সালে ১৮টি প্রকল্পের বিপরীতে সাড়ে ৩১ লাখ টাকা ছাড় করা হয়। নিয়ম অনুযায়ী, অর্ধেক কাজ বাস্তবায়নের পর বরাদ্দের অর্ধেক টাকা ছাড় করার কথা। কিন্তু কাজ না করে ও ভুয়া প্রকল্প কমিটি দেখিয়ে ওই টাকার অর্ধেক ১৫ লাখ ৭৫ হাজার টাকা তোলেন দীলিপ কুমার।
এ নিয়ে ২০১৫ সালের ২৯ নভেম্বর পলাশবাড়ীর হাসনেরপাড়া গ্রামের আবুল হাসান কবির জেলা পরিষদের প্রশাসককে লিখিত অভিযোগ দেন। আবুল হাসান কবির বলেন, জেলা পরিষদের কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশে দীলিপ কাজ না করেই ওই টাকা আত্মসাৎ করেছেন। অভিযোগ দায়েরের পর প্রায় আড়াই মাস পেরিয়ে গেলেও দীলিপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এ ব্যাপারে জানতে চাইলে জেলা পরিষদের প্রশাসক সৈয়দ শামস-উল-আলম গত রোববার প্রথম আলোকে বলেন, জেলা পরিষদের কর্মকর্তাদের কারও বিরুদ্ধে এ ঘটনায় জড়িত থাকার প্রমাণ পেলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, পলাশবাড়ী সদর ইউনিয়নের সিধনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন সংস্কারের জন্য দুই লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। ২০১৫ সালের মার্চ মাসে বিদ্যালয়টির প্রধান শিক্ষক তাইজুল ইসলামকে প্রকল্প সভাপতি দেখিয়ে এক লাখ টাকা উত্তোলন করেন দীলিপ। এ বিষয়ে তাইজুল বলেন, ‘সংস্কারকাজ তো দূরের কথা, আমাকে প্রকল্প সভাপতি করা হয়েছে, সেটাই আমি জানি না।’
উপজেলার হোসেনপুর ইউনিয়নের ঝাপর দুর্গামন্দির সংস্কারের জন্য দেড় লাখ টাকা বরাদ্দ দেওয়া হলে একইভাবে অর্ধেক টাকা উত্তোলন করেন দীলিপ। কিন্তু এ মন্দিরে কোনো কাজ করা হয়নি। এ প্রকল্পের সভাপতি করা হয়েছে ঝাপর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাখন চন্দ্রকে। মাখন চন্দ্র বলেন, ‘আমাকে প্রকল্প সভাপতি দেখিয়ে দীলিপ মন্দিরের জন্য টাকা তুলে আত্মসাৎ করেছেন, অথচ আমি কিছুই জানি না।’
একই উপজেলার কিশোরগাড়ি ইউনিয়নে রিং পাইপ সরবরাহে দুই লাখ ও নলকূপ সরবরাহে দুই লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। কাজ না করেই দীলিপ প্রকল্প সভাপতিকে ম্যানেজ করে দুই প্রকল্পের দুই লাখ টাকা উত্তোলন করেন। কিশোরগাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, ‘আমার ইউনিয়নে প্রকল্পের কাজ দূরের কথা, প্রকল্প বাস্তবায়িত হয়েছে কি না, সেটাই আমি জানি না।’ অবশ্য প্রকল্প দুটির সভাপতি ইউপি সদস্য সাত্তার মিয়া দাবি করেন, কাজ বাস্তবায়িত হয়েছে।
এ ছাড়া উপজেলার হোসেনপুর ইউনিয়নে রিং পাইপ সরবরাহে দুই লাখ ও নলকূপ সরবরাহে দুই লাখ, পলাশবাড়ী সদর ইউনিয়নে রিং পাইপ সরবরাহে দুই লাখ ও নলকূপ সরবরাহে দুই লাখ, কদমতলী হাফিজিয়া মাদ্রাসা সংস্কারে দুই লাখ, ফলিয়া মতলুবর মেম্বরের মসজিদ সংস্কারে এক লাখ, ভেকিপাড়া পেয়ারাবাড়ি মসজিদ সংস্কারে এক লাখ, রাঙামাটি শ্মশানঘাট সংস্কারে দুই লাখ, দীঘলকান্দি ঈদগাহ মাঠ সংস্কারে এক লাখ, সুইগ্রাম মণ্ডলবাড়ি মসজিদ সংস্কারে দুই লাখ, মির্জাপুর কালীমন্দির সংস্কারে দুই লাখ, কালীবাড়ি কেন্দ্রীয় মন্দিরের ফটক নির্মাণ ও মন্দির সংস্কারে দুই লাখ, ইদুলপুর লক্ষ্মীপুর রহিমা খাতুন উচ্চবিদ্যালয় ভবন সংস্কারে এক লাখ এবং নুরপুর কালামের বাড়ি মসজিদ সংস্কারে দুই লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। কিন্তু কাজ না করেই প্রতিটি প্রকল্পের অর্ধেক টাকা তুলে আত্মসাৎ করেন দীলিপ।
এ ব্যাপারে জানতে চাইলে টাকা আত্মসাতের অভিযোগ অস্বীকার করে দীলিপ বলেন, ‘আপনার সঙ্গে দেখা করে সব বলব।’ এ ব্যাপারে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবর রহমান গত রোববার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘অভিযোগটি প্রথম শুনলাম। ওই সব প্রতিষ্ঠানের নাম দেন, তদন্ত করে ব্যবস্থা নেব।’