ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের তিনজন গ্রেপ্তার
ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ভাটারা থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ফেসবুক ও হোয়াটসঅ্যাপ পরিচালনায় ব্যবহৃত কয়েকটি মুঠোফোন উদ্ধার ও এসবের অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলো জাহিদুর রহমান, তানভীর আহমেদ চৌধুরী ও সাইফুল ইসলাম খান।
ডিবি সূত্র জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা কখনো প্রশ্নপত্র ফাঁস করতে পারেনি। কিন্তু ফেসবুক ও হোয়াটসঅ্যাপে প্রশ্ন পাঠানোর কথা বলে অনেকের কাছ থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা নিয়েছে। ডিবি উত্তরের সাইবার অপরাধ প্রতিরোধ দল অনলাইনে নজরদারির মাধ্যমে এদের শনাক্ত করে। পরে বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করা হয়। গণ পরীক্ষা আইন এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে মামলা হয়েছে।
ইয়াবাসহ দুজন গ্রেপ্তার: বৃহস্পতিবার সন্ধ্যায় ডিবির একটি দল কাকরাইলে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করা তপন বিশ্বাস ও গোলাম রাব্বানীর কাছ থেকে ৯ হাজার ৫০০ ইয়াবা বড়ি ও ৪০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা ডিবিকে বলেছে, সীমান্ত এলাকা থেকে মাদক এনে তারা ঢাকায় বিক্রি করত।