ভুয়া প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গ্রেপ্তার ৬
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন রাজু আহম্মেদ, ফয়সালুর রহমান ওরফে আকাশ, জোহায়ের আয়াজ, মহিউদ্দিন ইমন, স্বাধীন আল মাহমুদ ও কাজী রাশেদুল ইসলাম।
পুলিশ বলছে, ডিবি (উত্তর) বিভাগের ক্যান্টনমেন্ট জোনাল টিম কলাবাগান, পশ্চিম রামপুরা ও ভাটারা থানা এলাকা থেকে গতকাল সোমবার তাঁদের গ্রেপ্তার করে। এ সময় গ্রেপ্তার হওয়া ছয়জনের কাছ থেকে ল্যাপটপ, সিপিইউ, রাউটার, মোবাইল ও সিমকার্ড জব্দ করা হয়। কলাবাগান থানায় তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ ব্রিফিংয়ে ডিবির যুগ্ম কমিশনার আবদুল বাতেন বলেন, ফেসবুকে পোস্ট করা প্রশ্নের স্ন্যাপশটের সঙ্গে পরীক্ষায় আসা প্রশ্নগুলো মিলিয়ে দেখা হয়েছে। এসব প্রশ্নের সঙ্গে শতকার ৩০ থেকে ৪০ ভাগ মিল পাওয়া গেছে। গ্রেপ্তার হওয়া চক্রটি ফেসবুকে ক্লায়েন্ট গ্রুপ খুলে নিজেদের বিশ্বাসযোগ্য করতে তারা বিভিন্ন পোস্ট দেয়। এরপর প্রশ্ন পাঠিয়ে তাদের কাছ থেকে বিকাশে টাকা আদায় করে। পরীক্ষার গুরুত্ব ও চাহিদা অনুযায়ী তারা ৫০০ টাকা থেকে ২৫ হাজার টাকা আদায় করে আসছিল।