ভুয়া প্রশ্নফাঁস করে আটক বিশ্ববিদ্যালয়ছাত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় ফেসবুকে ভুয়া প্রশ্নপত্র ফাঁস করার অভিযোগে মিজানুর রহমান (২০) নামের এক বিশ্ববিদ্যালয়ছাত্রকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১। তাঁর মোবাইলে পাওয়া যায় এইচএসসি পরীক্ষার ভুয়া ‘ক’ সেট ইংরেজি প্রশ্নপত্র।

গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার লতব্দি ইউনিয়নের রামকৃষ্ণদী গ্রামে নিজের বাড়ি থেকে তাঁকে আটক করা হয়।

মিজানুর স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিবিএ চতুর্থ সেমিস্টারের ছাত্র।

র‌্যাব-১১-এর কোম্পানি কমান্ডার ও সহকারী পরিচালক নাহিদ হাসান জনি আজ দুপুর ১২টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, ফেসবুক মেসেঞ্জারে একটি ক্লোজ গ্রুপে ভুয়া প্রশ্নপত্র ফাঁস করে আসছিল মিজানুর। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত দেড়টার দিকে মিজানের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাঁর কাছ থেকে দুটি স্মার্টফোন উদ্ধার করা হয়। ওই মোবাইল দুটিতে এইচএসসি পরীক্ষার ভুয়া ‘ক’ সেট ইংরেজি প্রশ্নপত্র ছিল। টাকার বিনিময়ে বিভিন্ন জায়গায় তিনি প্রশ্নপত্র বিক্রি করে আসছিলেন।

র‌্যাব আরও জানায়, এ চক্রের সঙ্গে আরও কয়েকজন জড়িত আছে। বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে। তাঁর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।