ভুয়া বরাদ্দপত্রে জমি রেজিষ্ট্রি, দুদকের অভিযোগপত্র
ভুয়া বরাদ্দপত্রের ভিত্তিতে সরকারি জমি নিজ নামে দাবি ও ভুয়া বরাদ্দপত্রের ভিত্তিতে ওই জমি রেজিস্ট্রি করার অভিযোগে করা মামলায় তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দিচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার কমিশন এ সংক্রান্ত অভিযোগপত্র অনুমোদন দেয়।
দুদক সূত্র জানায়, এ ঘটনায় ১৯৯৪ সালে মামলা করে সংস্থার বর্তমান পরিচালক নিরু সামসুন্নাহার। মামলার তদন্ত করেন সহকারী পরিচালক সালাম আলী মোল্লা।
যাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হচ্ছে তাঁরা হলেন—জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সাবেক সহকারী কমিশনার (পত্তন) বর্তমানে অবসরপ্রাপ্ত আশরাফ আলম খান, জেলী বেগম ওরফে রেবেকা বসির ও বসির উদ্দিন।
মামলার তদন্তে দেখা গেছে, রেবেকা বসিরের স্বামী বসিরউদ্দিন ১৯৮০ সালে বাড়ি নম্বর ২২, ব্লক-এ, সেকশন-১, মিরপুর হাউজিং এস্টেট, ঠিকানার বাড়িটি জনৈক শেখ মানিকের কাছ থেকে কেনেন। ওই বাড়ি কেনার পর বাড়ি সংলগ্ন প্রায় পৌনে ২ কাঠা সরকারি জমি নিজের নামে বরাদ্দের জন্য আবেদন করেন। কিন্তু তিনি বরাদ্দ পাননি। পরে স্ত্রী রেবেকা বেগমের প্রকৃত নাম ও স্বামীর নাম গোপন করে ডাকনাম জেলী বেগম, পিতা-গোলাম রহমান ব্যবহার করে তাঁকে একজন এলএ কেসে ক্ষতিগ্রস্ত নারী হিসেবে উপস্থাপন করেন। এ প্রক্রিয়ায় মিথ্যা হলফনামার বিপরীতে বাংলাদেশ ব্যাংকে প্লটের দাম বাবদ নয় হাজার ৭২০ টাকা জমা দেন। ১৯৮৯ সালে জেলী বেগম এক আবেদনে সহকারী কমিশনার (পত্তন) বরাবরে উক্ত প্লটের দখল বুঝিয়ে দেওয়ার অনুরোধ করেন। সহকারী সেটেলমেন্টের ইস্যু রেজিস্ট্রার পরীক্ষায় দেখা যায় যে, ওই বরাদ্দপত্র সংশ্লিষ্ট দপ্তর হতে থেকে ইস্যু করা হয়নি।