ভুয়া বিচারক গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জ আদালতে গতকাল সোমবার মনির হোসেন (৩২) নামের একজন ভুয়া বিচারককে আটক করা হয়েছে। তিনি নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম পরিচয় দিয়ে মুন্সিগঞ্জের যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবুল কাশেমের খাস কামরায় সৌজন্য সাক্ষাৎ করতে আসেন। সেখান থেকে তাঁকে আটক করা হয়।
আইনজীবী সূত্রে জানা যায়, বিচারক আবুল কাশেমের কক্ষে ঢুকে মনির একটি মামলার তদবির শুরু করলে উপস্থিত অন্যদের সন্দেহ হয়। তখন জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে বিসিএস ক্যাডার বলে দাবি করেন এবং অসংলগ্ন কথাবার্তা বলতে থাকেন। তখন তাঁর ভুয়া পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়ে তাঁকে জেলহাজতে পাঠানো হয়।
সদর থানার ওসি আবুল খায়ের ফকির বলেন, এ ব্যাপারে জজ আদালতের নাজির শহিদুল ইসলাম বাদী হয়ে মনির হোসেনের বিরুদ্ধে প্রতারণার মামলা করেছেন। তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।