ভুয়া বিসিএস পরীক্ষার্থীর দণ্ড

খুলনায় ৩৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অন্যের হয়ে পরীক্ষা দেওয়ার অভিযোগে আজ শুক্রবার একজন ভুয়া পরীক্ষার্থীকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ওই ভুয়া পরীক্ষার্থী হলেন মাগুরার সদর উপজেলার মো. ফরিদুর রহমানের ছেলে মো. শায়খুল ইসলাম (২৭)।
জেলা প্রশাসন খুলনার নির্বাহী হাকিম রাবেয়া পারভেজ এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন, ১৯৮০-এর ৩ (ক, খ) ধারায় ওই ভুয়া পরীক্ষার্থীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেন। খালিশপুর থানা-পুলিশের একটি দল ও পরীক্ষাকেন্দ্র কর্তৃপক্ষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তা করেন।
জেলা প্রশাসন ও পুলিশ সূত্র জানায়, আজ খুলনা শহরের ১১টি কেন্দ্রে ৩৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরিদর্শনে গিয়েছিলেন পিএসসির সদস্য উজ্জ্বল বিকাশ দত্ত, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গিয়াস উদ্দিন ও নির্বাহী হাকিম মো. আছাদুজ্জামান। এ সময় ওই কেন্দ্রে অন্যের হয়ে পরীক্ষা দেওয়ার ঘটনা ধরা পড়ে।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমীর তৈমুর ইলী প্রথম আলোকে বলেন, ওই ভুয়া পরীক্ষার্থীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।