ভুয়া ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রতারণা গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজারে ভুয়া নির্বাহী হাকিম, গোয়েন্দা (ডিবি) পুলিশ ও সাংবাদিক সেজে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রতারণা করতে গিয়ে চার ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন। গতকাল রোববার দুপুর ১২টার দিকে নিমসার তরকারি বাজারে এ ঘটনা ঘটে। পরে বুড়িচং থানার দেবপুর ফাঁড়ির পুলিশ এসে তাঁদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুমিল্লার দাউদকান্দি উপজেলার মাইজপাড়া গ্রামের ভুয়া নির্বাহী হাকিম মরিয়ম বেগম (৩২), ভুয়া ডিবি পরিদর্শক লিঙ্কন চন্দ্র ঘোষ (৩৪), ভুয়া সাংবাদিক ও পেশকার আবু ফয়েজ (২৯) ও গাড়িচালক শেখ মো. ফরিদ (৩৫)। তাঁদের বিরুদ্ধে বুড়িচং থানায় প্রতারণার মামলা করা হয়েছে।

নিমসার বাজারের অন্তত তিনজন ব্যবসায়ী দাবি করেন, দুপুরে হঠাৎ করে মাইক্রোবাস নিয়ে ছয়জনের একটি দল নিমসার বাজারে আসে। এ সময় তাঁরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শুরু করেন। তাঁদের কথাবার্তা ও আচার-আচরণে সন্দেহ হলে ব্যবসায়ীরা তাঁদের চ্যালেঞ্জ করেন। একপর্যায়ে ওই স্থান থেকে মো. সোহাগ ও ইকবাল হোসেন নামের দুই ব্যক্তি দৌড়ে পালিয়ে যান। এ সময় ব্যবসায়ীরা ভুয়া নির্বাহী হাকিম, ডিবির পরিদর্শক, সাংবাদিক ও গাড়িচালককে আটক করে দেবপুর পুলিশ ফাঁড়িতে খবর দেন। সেখান থেকে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দিন এসে তাঁদের গ্রেপ্তার করেন। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে গাড়িচালক ছাড়া ওই তিন ব্যক্তি পুলিশকে জানান, তাঁরা একটি পত্রিকায় কাজ করেন। ওই পত্রিকার কার্ডও দেখান।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোজ কুমার দে প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রতারণার মামলা হয়েছে। তাঁরা একটি সংঘবদ্ধ চক্রের লোক। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।