ভুয়া মুক্তিযোদ্ধা ও আমলা পরিচয়ে প্রভাব বিস্তারের অভিযোগ
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিম খান ইউনিয়নে বিরোধপূর্ণ জমির মালিকানা নিয়ে ভুয়া মুক্তিযোদ্ধা ও আমলা পরিচয়ে প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম সাধারণ পাঠাগারে মুক্তিযোদ্ধা ও ভুক্তভোগী জনতার ব্যানারে এক সংবাদ সম্মেলনে ওই অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন সাইফুল ইসলাম নামের এক ব্যক্তি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রজব আলীসহ ২০ জন মুক্তিযোদ্ধা।
লিখিত বক্তব্যে সাইফুল ইসলাম বলেন, সম্প্রতি এক সংবাদ সম্মেলনে শাহ আলম খন্দকার নামের এক ব্যক্তি নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করে বিরোধপূর্ণ জমিকে নিজের বলে দাবি করে যে বক্তব্য উপস্থাপন করেন, তা মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। প্রকৃতপক্ষে শাহ আলম খন্দকারের পরিবার মামলাবাজ, দাঙ্গাবাজ ও ভূমিদস্যু। তাঁদের পরিবারের অধিকাংশ সদস্যের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি ও অবৈধ অস্ত্র আইনে মামলা রয়েছে। ভূমিদস্যু এই পরিবারটি আমাদের পৈতৃক সূত্রে পাওয়া ২ একর ৭০ শতক জমি জবরদখল করার চেষ্টা করছেন। এ নিয়ে কুড়িগ্রাম জজ আদালতে একাধিক মামলা বিচারাধীন। শাহ আলম খন্দকারের বড় মেয়ের জামাই আবদুল খালেককে দিয়ে আমাদের ওপর কয়েকবার হামলা চালিয়েছেন। এ ছাড়া তাঁর মেজ মেয়ের জামাতা বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হওয়ায় শাহ আলম খন্দকার স্থানীয় প্রশাসনের ওপর অবৈধ প্রভাব খাটিয়ে দখলদারিত্বের চেষ্টা চালিয়ে আসছেন।
লিখিত বক্তব্যে সাইফুল আরও বলেন, ‘সামাজিকভাবে আমরা দুর্বল হওয়ায় শাহ আলম খন্দকার প্রভাব খাটিয়ে আমাদের হয়রানিসহ মিথ্যা মামলায় জীবন অতিষ্ঠ করে তুলেছেন। তাঁরা আমাদের মেরে ফেলার হুমকি দিচ্ছেন। আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় আছি।’ তিনি শাহ আলম খন্দকার গং-এর বিরুদ্ধে তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রজব বলেন, শাহ আলম খন্দকার ভুয়া মুক্তিযোদ্ধা। ইতিমধ্যে স্থানীয় প্রশাসনসহ বিভিন্ন মন্ত্রণালয়ে তাঁর বিরুদ্ধে ভুয়া মুক্তিযোদ্ধা সেজে সুযোগ-সুবিধা নেওয়ার ব্যাপারে প্রকৃত ঘটনা জানিয়ে অভিযোগ করা হয়েছে।
তবে শাহ আলম খন্দকার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি প্রকৃত মুক্তিযোদ্ধা এবং ওই জমির মালিকও।’