ভুয়া মুক্তিযোদ্ধা সনদে পুলিশে চাকরির চেষ্টা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনায় ভুয়া মুক্তিযোদ্ধা সনদে পুলিশ কনস্টেবল পদে চাকরি নেওয়ার চেষ্টা করার অপরাধে গতকাল মঙ্গলবার সকালে পুলিশ পাঁচ যুবককে আটক করেছে। জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের অভিভাবকদের থানায় আনা হয়েছে। আটক হওয়া সবার বাড়ি জেলার ভাঙ্গুড়া উপজেলায়।
আটক হওয়া যুবকেরা হলেন উপজেলার খানমরিচ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের ফারাজ আলীর ছেলে রবিউল করিম (২৬), একই গ্রামের ইউনুস আলীর ছেলে জেলহক আলী (২৫), আসাব আলীর ছেলে আমিরুল ইসলাম (২৭), গোপালপুর গ্রামের নাজিম উদ্দিনের ছেলে রহমত উল্লাহ (২৫) ও সাতবাড়িয়া গ্রামের আমানত উল্লাহর ছেলে হাফিজুর রহমান (২৭)।
ভাঙ্গুড়া থানার ওসি আবদুর রাজ্জাক জানান, গত ২৫ সেপ্টেম্বর পাবনায় কনস্টেবল পদে লোক নিয়োগের বাছাই প্রক্রিয়া অনুষ্ঠিত হয়। বাছাই প্রক্রিয়ায় ৪৯ জনকে মুক্তিযোদ্ধা কোটায় চূড়ান্ত করা হয়। তাঁদের মধ্যে যাচাই–বাছাই করতে গেলে পাঁচজনের মুক্তিযোদ্ধা সনদ ভুয়া বলে প্রমাণিত হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে তাঁদের আটক করে। জিজ্ঞাসাবাদের জন্য আটক পাঁচ যুবকের বাবাদেরও থানায় আনা হয়েছে। আটক যুবকদের বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগে পাবনা সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে পাবনার পুলিশ সুপার আলমগীর কবীর বলেন, জিজ্ঞাসাবাদে আটক যুবকদের বাবারা মুক্তিযোদ্ধা ছিলেন না বলে জানিয়েছেন।