ভুয়া ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালত, গ্রেপ্তার ৩
ম্যাজিস্ট্রেট ও সাংবাদিক পরিচয়ে ভুয়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার অভিযোগে পুলিশ গত মঙ্গলবার রাতে রাজধানীর জুরাইন থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে। তাঁদের কাছ থেকে একটি ওয়াকিটকি সেট ও তিনটি পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন অজয় দত্ত, মুক্তার হোসেন ও কেয়া খন্দকার।
শ্যামপুর থানার পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে একটি মাইক্রোবাস ও দুটি মোটরসাইকেলে একদল যুবক জুরাইন বালুর মাঠ এলাকায় মিজানের চালের আড়তে যান। তাঁদের একজন নিজেকে ম্যাজিস্ট্রেট এবং অন্য দুজন সাংবাদিক ও মানবাধিকারকর্মী বলে পরিচয় দেন। তাঁরা আড়তদারকে বলেন, তাঁরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে এসেছেন। এরপর তাঁরা ওই আড়তের ছবি তুলতে থাকেন। অবৈধভাবে সরকারি চাল রাখার দায়ে মামলা হবে বলে আড়তমালিককে ভয় দেখান। তাঁরা মালিকের কাছে এক লাখ টাকা দাবি করেন। এরই মধ্যে আশপাশের ব্যবসায়ীরা ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় ব্যবসায়ীদের সন্দেহ হলে তাঁরা ঘটনাটি শ্যামপুর থানার পুলিশকে জানান।
পুলিশ পৌঁছানোর আগে কয়েকজন মাইক্রোবাস ও মোটরসাইকেলে পালিয়ে গেলেও অজয়, মুক্তার ও কেয়া নামের তিনজনকে আটকে রাখেন ব্যবসায়ীরা।