ভুয়া ম্যারেজ মিডিয়ার সাতজন গ্রেপ্তার
রাজধানীর বনানীর কাকলী থেকে গত মঙ্গলবার রাতে ভুয়া ম্যারেজ মিডিয়ার সাতজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁদের কাছ থেকে একটি পাসপোর্ট, বিভিন্ন ব্যক্তির জীবনবৃত্তান্ত, ছবি, নিকাহনামার কপিসহ আনুষঙ্গিক কাগজপত্র উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হওয়া সাতজন হলেন মো. দেলোয়ার হোসেন, মো. আমিনুল হক, মো. মোয়াজ্জেম হোসেন, মো. মনির হোসেন, নওরিন জাহান, শামীমা আক্তার ও কাকলি আক্তার।
ডিবির অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই সাতজন বলেছেন তাঁরা প্রথমে রাজধানীর বিভিন্ন এলাকায় বাড়ি ভাড়া নিয়ে ম্যারেজ মিডিয়ার ভুয়া অফিস সাজান। তাঁদের চক্রের নারীদের অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্রপ্রবাসী পাত্রী সাজিয়ে বিয়ে দেওয়ার কথা বলে মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করেন। তিনি জানান, এই চক্রের মূল হোতা দেলোয়ার হোসেন ও নওরিন জাহান যথাক্রমে ঘটক করিম ভাই ও রাহবার ম্যারেজ মিডিয়া নামে বিভিন্ন পত্রিকায় ‘পাত্র/পাত্রী চাই’ মর্মে বিজ্ঞাপন দিয়ে সাত-আট বছর ধরে প্রতারণা করছেন।