ভুয়া রেজিস্টারে বাল্যবিবাহ পালালেন কাজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনি কি ইউএনও? আপনারা কেমন ইউএনও? আপনারা থাকতে কীভাবে আমার মেধাবী বান্ধবীর বাল্যবিবাহ হয়ে গেল, আপনারা কোনো ব্যবস্থা নিতে পারলেন না?
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বজলুর রশীদকে এমন প্রশ্ন করে দাউদপুর এলাকার একটি বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রী।
তবে গত বুধবার অভিযোগ পেয়ে ইউএনও মো. বজলুর রশীদ সঙ্গে সঙ্গে ওই বিদ্যালয়ে গিয়ে বাল্যবিবাহের শিকার ছাত্রীর ঠিকানা নিয়ে ছাত্রীর বাড়িতে যান। ওই ছাত্রীর বাবা-মা ইউএনওকে বলেন, গত মঙ্গলবার রাতে দাউদপুর ইউনিয়নের কাজি ও দাউদপুর রঘুনন্দপুর আলিম মাদ্রাসার আরবি বিভাগের প্রভাষক ওসমান গনি ওই বিয়ে রেজিস্ট্রি করেন। ইউএনও কাজি ওসমান গনিকে ডেকে নিলে কাজি বিয়ে রেজিস্ট্রি করার বিষয়টি অস্বীকার করেন। এ সময় ইউএনও কাজি ওসমান গনিকে নিয়ে ওই বিদ্যালয়ে আবার যান। সেখানে বাল্যবিবাহের শিকার ওই ছাত্রীরা সাক্ষ্য দিলে ইউএনও কাজির কাছে নিকাহ্ রেজিস্টার বই চান। এ সময় কাজিকে মাদ্রাসায় নিয়ে ইউএনও নিকাহ্ রেজিস্ট্রির তিনটি বই উদ্ধার করেন। এর মধ্যে একটি বই সাদা পাতা দিয়ে তৈরি। এ সময় কাজি ওসমান গনি সেখান থেকে পালিয়ে যান। এ ঘটনায় ওই কাজির বিরুদ্ধে আইন মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি দিয়েছেন ইউএনও বজলুর রশীদ।
ইউএনও বজলুর রশীদ বলেন, কাজি ওসমান গনি একজন শিক্ষক হয়ে অবৈধভাবে বাল্যবিবাহ পড়ানোর জন্য ওই কাজির লাইসেন্স বাতিলসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য গতকাল আইন ও শিক্ষা মন্ত্রণালয়ে তিনি চিঠি দিয়েছেন।
এ বিষয়ে কাজি ওসমান গনির সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোর কাছে দাবি করেন, বিয়েটি রেজিস্ট্রি হয়নি। ইউএনওর অভিযোগ সঠিক নয়।