ভুয়া রেদওয়ান রনির পকেটে লাখ লাখ টাকা!

‘রনি ভাই, আসসালামু আলাইকুম। ভাইয়া, আমি কিন্তু ফরম পূরণ করে টাকা পাঠিয়ে দিয়েছি। নিশ্চয় আপনার নাটক ও সিনেমায় আমাকে অভিনয়ের সুযোগ করে দেবেন?’
অচেনা নম্বর থেকে ফোন পেয়ে আকাশ থেকে পড়েন টিভি নাটক ও চলচ্চিত্র নির্মাতা রেদওয়ান রনি। জবাবে বলেন, ‘কিসের ফরম? কিসের টাকা? অভিনয়ের সুযোগ দেব? মানে কী!’
অপরপ্রান্ত থেকে জবাব আসে, ‘রনি ভাই, আপনি না ফেসবুকে ফরম দিয়েছেন। বারো শ টাকা দিলে অভিনয়ের সুবর্ণ সুযোগ।’
কয়েকদিন ধরে আচমকা এমন সব ফোন পেয়ে অবাক হয়ে যান রেদওয়ান রনি। পরে খোঁজ নিয়ে জানতে পারেন, তাঁর নামে ফেসবুক ভুয়া অ্যাকাউন্ট রয়েছে। যেখানে অভিনয়ের সুবর্ণ সুযোগ—এমন ফরম রয়েছে। সেখানে বলা আছে, টাকা দিলে অভিনয়ের সুযোগ।’
চলচ্চিত্র নির্মাতা রেদওয়ান রনি আজ শুক্রবার প্রথম আলোকে বলেন, কয়েক দিন ধরে অজ্ঞাত নম্বর থেকে ফোন পেয়ে অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম। এমন উটকো ঝামেলায় মহা বিরক্ত আমি। কাজ করব, না এসব সমস্যা মোকাবেলা করব! পরে ডিবির (পুলিশের গোয়েন্দা শাখা) সঙ্গে যোগাযোগ করি। এমনকি অজ্ঞাত আসামির বিরুদ্ধে আমার ভগ্নিপতি মামলাও করে। আমার নামে যে ভুয়া ফেসবুক আইডি খুলে প্রতারণা করেছে, তার শাস্তি চাই।
রেদওয়ান রনির ভগ্নিপতি শায়েদ আরেফিন বাদী হয়ে গত ১ জানুয়ারি বাড্ডা থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা করেন। আরেফিন প্রথম আলোকে বলেন, রনি ভাইয়ার নামে যে ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়েছিল, তা দেখে বোঝার উপায় নেই যে এটি ভুয়া। কারণ ভাইয়ার ছবি সেখানে দেওয়া ছিল। নাটক-সিনেমায় অভিনয়ের অপূর্ব সুযোগ-এমন বিজ্ঞপ্তি ছিল ওই ফেসবুকে। রেদওয়ান রনি বলেন, অভিনয়ে সুযোগ করে দেওয়ার নাম করে ওই প্রতারক তিন-চার লাখ টাকা হাতিয়ে নিয়েছে।
মামলা করার পরদিন গত ২ জানুয়ারি ডিবি পুলিশ এক আসামিকে গ্রেপ্তার করে। তাঁর নাম তমাল মাহমুদ ওরফে মিঠুন। বয়স ২৪ বছর। আদালতের অনুমতি নিয়ে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করে পুলিশ। আদালতে দেওয়া প্রতিবেদনে পুলিশ জানিয়েছে, আসামি বিকাশের মাধ্যমে বহু লোকের কাছ থেকে টাকা আদায় করেছে।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবির উপপরিদর্শক (এসআই) সোহরাব মিয়া প্রথম আলোকে বলেন, চলচ্চিত্র নির্মাতা রেদওয়ান রনির নামে ভুয়া অ্যাকাউন্ট তৈরি করার অভিযোগে পিরোজপুর থেকে তমাল নামের একজনকে গ্রেপ্তার করেছি। তিনি রেদওয়ান রনি সেজে বহু লোকের কাছ থেকে টাকা আদায় করার কথা স্বীকার করেছেন। তিনি এখন কারাগারে আছেন।
রেদওয়ান রনি দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে টিভি নাটক ও ছায়াছবি নির্মাণ করে আসছেন। পপকর্ন এন্টারটেইনমেন্ট নামে তাঁর একটা প্রডাকশন হাউজ রয়েছে। চোরাবালি ছবির জন্য শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছেন। রনি নির্মিত উল্লেখযোগ্য নাটক হলো, হাউসফুল, এফএনএফ, রেডিও চকলেট ইত্যাদি।