ভুয়া সনদ দিয়ে নিকাহ রেজিস্ট্রার পদে নিয়োগ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে জালিয়াতির মাধ্যমে ভুয়া নাগরিক সনদ দেখিয়ে এক ব্যক্তির বিরুদ্ধে নিকাহ রেজিস্ট্রার পদে নিয়োগ পাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনা প্রকাশ পাওয়ায় ওই পদের অপর প্রার্থীদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গাজীপুর সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের শূন্য পদে নিকাহ রেজিস্ট্রার নিয়োগের জন্য গত বছর ১৯ জুন বিজ্ঞপ্তি প্রকাশ হয়। ওই পদে নিয়োগ লাভের জন্য একাধিক প্রার্থী প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করেন। এদের মধ্যে চারজনের নামে ইন্টারভিউ কার্ড ইস্যু করা হয়। প্রার্থীদের পরীক্ষা গ্রহণ শেষে তিনজন প্রার্থীর নামসহ একটি প্যানেল তৈরি করে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ে পাঠায় নিয়োগসংক্রান্ত উপদেষ্টা কমিটি। এর পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় থেকে প্যানেলভুক্ত মো. আবু তাহের ফারুকীকে ওই ওয়ার্ডের মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধনের জন্য ক্ষমতা দেয়।
নিয়োগবঞ্চিত এক প্রার্থী নাম প্রকাশ না করার শর্তে জানান, নিয়োগপ্রাপ্ত মো. আবু তাহের ফারুকী জালিয়াতির মাধ্যমে স্থানীয় জরুন এলাকার ভুয়া ঠিকানা দেখিয়ে গাজীপুর সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের নিকাহ রেজিস্ট্রার পদে নিয়োগ লাভ করেছেন।
গাজীপুর সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হুমাইয়ুন কবির বলেন, ‘তথ্য গোপন করে কৌশলে ফারুকী আমার কাছ থেকে নাগরিকত্ব সনদ নিয়ে নিকাহ রেজিস্ট্রার পদে নিয়োগ পাওয়ার পর জানতে পারি, তিনি এ ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা নন। এ নিয়ে আমার ওয়ার্ডের নিয়োগবঞ্চিতরা ক্ষোভ ও অভিযোগ জানিয়েছেন। প্রমাণ মিললে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’