ভুয়া সনদে চাকরি, চার যুবক হাজতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে ভুয়া মুক্তিযোদ্ধা সনদ দিয়ে পুলিশের কনস্টেবল পদে চাকরি নেওয়ার অভিযোগে চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে রোববার তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ওই চারজন যুবক হলেন সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের ধলডোব গ্রামের ইউনুস আলীর ছেলে আবদুল খালেক, একই ইউনিয়নের খোড়ারগাঁতী এলাকার মোতালেব হোসেনের ছেলে ওবায়দুল হক, হজরত আলীর ছেলে আবদুল্লাহ আল মামুন ও কামারখন্দ উপজেলার চালা গ্রামের সনোয়ার হোসেনের ছেলে মুনসুর আলী।

এ ঘটনায় স্থানীয় পুলিশ লাইনের এক পুলিশ সদস্য মো. মাহফুজ বাদী হয়ে একটি প্রতারণা মামলা করেছেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ প্রথম আলোকে বলেন, ‘জাল মুক্তিযোদ্ধা সনদ দাখিল করে চাকরির আবেদন করেন তাঁরা। এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে তদন্ত করা হয়েছে। তদন্তে গেজেট নম্বরের সঙ্গে তাঁদের দেওয়া সনদপত্রে নামের মিল নেই। ফলে তাঁদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’

সিরাজগঞ্জ পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ বলেন, ‘গত ৬ মার্চ পুলিশ লাইনে বিভিন্ন কোটা ও নারী-পুরুষ মিলে ২০৭ জনকে পুলিশ কনস্টেবল পদে প্রাথমিকভাবে নিয়োগ দেওয়া হয়। পুলিশি তদন্তে জাল সনদের কারণে চারজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ ছাড়া বিবাহিত হওয়ার বিষয়টি তদন্তে ধরা পরায় আরও দুজনকে নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ দেওয়া হয়েছে।’