ভুয়া সনদে চাকরি: দুই শিক্ষক বরখাস্ত
ভুয়া সনদে চাকরিতে যোগদানের অভিযোগে লালমনিরহাট সদর উপজেলার গবাই মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই সহকারী শিক্ষককে গত বুধবার সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁরা হলেন: জাহাঙ্গীর আলম ও তহমিনা খানম।
লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, জাহাঙ্গীর আলম ও তহমিনা খানমের বিরুদ্ধে নকল/জাল সনদপত্রের মাধ্যমে শিক্ষকতা করার অভিযোগের বিষয়ে সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আল এমরান খন্দকার সরেজমিনে তদন্ত করেন। তিনি গত ১৭ এপ্রিল এ সংক্রান্ত তদন্ত প্রতিবেদনটি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বরাবরে দাখিল করেন। ওই তদন্ত প্রতিবেদনের আলোকে তাঁদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
আল এমরান খন্দকার বলেন, বিদ্যালয় প্রতিষ্ঠার সময় ওই দুই শিক্ষকের দাখিল করা শিক্ষাগত যোগ্যতার সনদের সঙ্গে তদন্তের সময় দেখানো সনদের মিল নেই। এ ছাড়া ওই দুজনের শিক্ষক হওয়ার জন্য নির্ধারিত যোগ্যতাও নেই।
লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্মা নবেজ উদ্দিন সরকার বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত করে তাঁদের সাময়িক বরখাস্ত করার আদেশ দিয়েছি।
অভিযুক্ত দুই শিক্ষকের মুঠোফোন বন্ধ থাকায় তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।