ভুয়া সনদে চাকরি, ১৯ পুলিশ সদস্য গ্রেপ্তার
ভুয়া মুক্তিযোদ্ধা সনদ দেখিয়ে চাকরি নেওয়ার মামলায় ১৯ পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক আবু বকর সিদ্দিকের নেতৃত্বে উপসহকারী পরিচালক মো. আবুল কালাম আজাদ গতকাল সোমবার পাবনা থেকে তাঁদের গ্রেপ্তার করেন।
আবু বকর সিদ্দিক প্রথম আলোকে ১৯ পুলিশ সদস্যকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। দুদকের প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগ জানিয়েছে, দেশের বিভিন্ন এলাকা থেকে আরও ছয়জনকে গ্রেপ্তার করেছে সংস্থাটি।
দুদক সূত্র জানায়, প্রতারণা ও জাল-জালিয়াতির মাধ্যমে মুক্তিযোদ্ধার ভুয়া ও জাল সনদ দিয়ে মুক্তিযোদ্ধা কোটায় পুলিশ বিভাগে শিক্ষানবিশ কনস্টেবল পদে যোগ দেন গ্রেপ্তার ব্যক্তিরা। ২০১২ সালে নিয়োগ পাওয়ার পর ওই ঘটনা প্রকাশ পেলে অনুসন্ধানে নামে দুদক। পরে ২০১৪ সালের নভেম্বরে সিরাজগঞ্জ থানায় ৪০ জনের বিরুদ্ধে মামলা করে সংস্থাটি।
মামলায় চাকরি নেওয়া ২০ জনের সঙ্গে ভুয়া মুক্তিযোদ্ধার সনদ নেওয়া ওই ২০ জনের বাবাকেও আসামি করা হয়।
গ্রেপ্তার হওয়া ওই ১৯ পুলিশ সদস্য হলেন মো. আইয়ুব আলী, মো. কামরুল ইসলাম, আবদুল কুদ্দুছ শেখ, মো. আলী আব্বাছ, মোহাম্মদ আলী, মো. সবুজ মিয়া, মো. আবু হানিফ, মো. সাইফুল ইসলাম, মো. ফেরদৌস, মো. সাইফুল ইসলাম, মো. হায়দার আলী, মো. বুদ্ধি মিয়া, সুমন কুমার সরকার, মো. শহিদুল ইসলাম, মো. আবদুল আউয়াল, মো. আমিরুল ইসলাম, মো. আল আমিন, মো. সোহেল রানা ও মো. সুমন আহম্মেদ। তাঁরা সবাই সিরাজগঞ্জের বাসিন্দা।
সারা দেশে আরও ছয়জন গ্রেপ্তার: বিভিন্ন দুর্নীতির মামলায় গতকাল কুমিল্লা, টাঙ্গাইল, পাবনা ও ময়মনসিংহ থেকে আরও ছয়জনকে গ্রেপ্তার করেছে দুদক।
সূত্র জানায়, অবসর ভাতার জমা টাকা আত্মসাতের মামলায় কুমিল্লার বুড়িচং উপজেলা হিসাবরক্ষক মোখলেসুর রহমান ও কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা বিল্লাল হোসেন পাটোয়ারীকে গ্রেপ্তার করা হয়েছে। ভুয়া দলিলের মাধ্যমে জমি আত্মসাতের মামলায় টাঙ্গাইলের বাসিন্দা আবদুল কাদের মিয়া ও শুকুর মামুদকে টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করা হয়। আর সই জাল করে টাকা তুলে নিয়ে আত্মসাতের মামলায় নেত্রকোনার পূর্বধলা সমাজসেবা অফিসের কর্মকর্তা আনসার উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। চেক জালিয়াতির মাধ্যমে প্রায় ৮০ লাখ টাকা আত্মসাতের মামলায় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের পাবনা অফিসের সাবেক কর্মকর্তা তাজুন্নাহারকে পাবনা থেকে গ্রেপ্তার করা হয়।