ভুয়া সনদে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুয়া সনদে মুক্তিযোদ্ধা কোটায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের দুই যুবক পুলিশ কনস্টেবল পদে চাকরি নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয় থানা-পুলিশসহ বিভিন্ন সংস্থা কর্তৃক যাচাই-বাছাই প্রতিবেদন ওই যুবকদের পক্ষে দেওয়া হয়েছে। বর্তমানে তাঁরা দুজন প্রশিক্ষণে রয়েছেন।
গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত উপজেলার মাইজবাগ ইউনিয়নের উত্তর সাটিহারি গ্রাম ঘুরে মুক্তিযোদ্ধা আবদুস সাত্তারের বাড়ির খোঁজ করা হয়। কিন্তু কেউ সাত্তার মুক্তিযোদ্ধার বাড়ির সন্ধান দিতে পারেননি। পরে গ্রামের লোকজন মাইজবাগ ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আবদুল কদ্দুছের বাড়ি দেখিয়ে দেন। সেখানে গেলে কদ্দুছ ১৯৭১ সালে ভারতীয় প্রশিক্ষণ শিবিরের প্রামাণ্য দলিল নামে একটি বই ঘেঁটে বলেন, সাটিহারি গ্রামে মাত্র দুজন মুক্তিযোদ্ধা রয়েছেন। তাঁরা হচ্ছেন দেবেশ চন্দ্র দাস (রিক্রুটিং নম্বর ৯৭২১) ও প্রাণেশ চন্দ্র দাস (৯৭৩৫ নম্বর)। তারাটি ও সাটিহারি গ্রাম মিলিয়ে মোট ছয়জন মুক্তিযোদ্ধা রয়েছেন। তাঁরা সবাই সরকারি ভাতা পাচ্ছেন। তবে সাটিহারি গ্রামের আবদুস সাত্তার মুক্তিযোদ্ধা নন। আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, সাত্তার প্রায় তিন মাস আগে তাঁর বাড়িতে এসে দুই ছেলের চাকরির বিষয়ে মুক্তিযোদ্ধা হিসেবে তাঁকে সহায়তা করতে অনুরোধ করেন। তিনি এ বিষয়ে অপারগতা প্রকাশ করলে সাত্তার চলে যান। এখন জানতে পারেন সাত্তারের দুই ছেলে মো. আল-আমীন ও এহছানুল হক মুক্তিযোদ্ধা কোটায় পুলিশ কনস্টেবলের চাকরিতে নিয়োগ পেয়ে নোয়াখালীতে প্রশিক্ষণ নিচ্ছেন।
তবে সাত্তারের কাছে জানতে চাইলে তিনি প্রথমে নিজেকে মুক্তিযোদ্ধা বলে দাবি করেন। পরে মুক্তিযোদ্ধা সনদ দেখতে চাইলে তিনি তা দেখাতে পারেননি। এ গ্রামের অন্য কোনো মুক্তিযোদ্ধার নামও তিনি বলতে পারেননি। মুক্তিযোদ্ধা সংসদের ইউনিয়ন কমান্ডারের নাম জানতে চাইলে কমান্ডার কী জিনিস, এ প্রতিবেদকের কাছে জানতে চান সাত্তার। দুই ছেলে আল-আমীন ও এহছানুল হক কী করছেন জানতে চাইলে সাত্তার কোনো কথা বলতে চাননি। একপর্যায়ে নানা প্রশ্নের মুখে সাত্তারের স্ত্রী ফিরোজা বেগম বলেন, ‘গ্রামের মানুষ আমরার বালা চায় না। আমার দুই পুত অনেক কষ্ট কইরা চাকরি জোগাড় করছে। এইডা অনেহেই বালা পাইতাছে না। সবাই আমরার লগে ষড়যন্ত্র করতাছে।’
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. আবদুস ছাত্তার বলেন, সাত্তার মুক্তিযোদ্ধা নন, মুক্তিযোদ্ধা সংসদ থেকে বিভিন্ন সংস্থাকে এমন তথ্য দেওয়া হয়েছে। এরপরও যদি মুক্তিযোদ্ধা কোটায় তাঁদের কারও চাকরি হয়, তাহলে কেউ না কেউ বড় ধরনের জালিয়াতিকে জেনেবুঝেই প্রশ্রয় দিয়েছে।
আল-আমীন ও এহছানুল হকের যাবতীয় তথ্য যাচাই-বাছাই করে প্রতিবেদন দিয়েছেন ঈশ্বরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. খোরশেদ আলম। গতকাল মুঠোফোনে তিনি বলেন, চাকরিপ্রার্থীরা মুক্তিযোদ্ধাসংক্রান্ত সব সনদ তাঁকে দেখিয়েছেন। সেটাকে ভিত্তি করে তিনি প্রতিবেদন দিয়েছেন। মুক্তিযোদ্ধা সংসদে থাকা তথ্য অনুযায়ী সাত্তার মুক্তিযোদ্ধা নন। তাহলে তাঁকে কীভাবে মুক্তিযোদ্ধা হিসেবে উল্লেখ করে প্রতিবেদন দেওয়া হলো, এমন প্রশ্নের জবাবে তিনি কাগজপত্র না দেখে বলতে পারবেন না বলে জানান। কাগজপত্র দেখে বলার জন্য অনুরোধ করা হলে খোরশেদ আলম বলেন, সেগুলো তো পাঠিয়ে দেওয়া হয়েছে।