ভুয়া সরবরাহ আদেশে নেওয়া মালামাল উদ্ধার
ত্রাণ মন্ত্রণালয়ের ভুয়া সরবরাহের আদেশ দেখিয়ে এক ব্যবসায়ীর গুদাম থেকে নিয়ে যাওয়া মালামালের অর্ধেক টঙ্গী থেকে উদ্ধার হয়েছে। র্যাব গতকাল বুধবার এগুলো উদ্ধার করে।
র্যাব-১ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ত্রাণ মন্ত্রণালয়ের মহাখালীর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে প্রায় দুই কোটি টাকার কম্বল, ব্লেজার কম্বল ও লুঙ্গি সরবরাহের জন্য ঢাকার কোতোয়ালি থানা এলাকার বিক্রমপুর গার্ডেন সিটি মার্কেটের মেসার্স সালাম অ্যান্ড ব্রাদার্সের নামে ভুয়া সরবরাহ আদেশ তৈরি করে রুবেল, আনিসুল হকসহ একটি প্রতারক চক্র। তারা ওই সরবরাহ আদেশ দেখিয়ে গত ৮ জুলাই তেজগাঁও এলাকার সিএসডি গুদামে সরবরাহের কথা বলে চারটি কাভার্ড ভ্যানে করে প্রায় ৭০ লাখ টাকার মালামাল নিয়ে যায়। এর মধ্যে আড়াই হাজার চায়না কম্বল, তিন হাজার ব্লেজার কম্বল ও আড়াই হাজার লুঙ্গি মেসার্স সালাম অ্যান্ড ব্রাদার্স নামের দোকান থেকে নেওয়া হয়। পরের দিন দোকানের মালিক মো. শামসুল হক সংশ্লিষ্ট দপ্তরে ও গুদামে খোঁজ নিয়ে প্রতারণার বিষয়টি জানতে পারেন।
এ বিষয়ে অভিযোগ পেয়ে সহকারী পুলিশ সুপার মোহাম্মদ নাজমুল হাসানের নেতৃত্বে র্যাব-১ অভিযান চালায়।