ভুয়া সাংবাদিক গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর সৈয়দপুরে সাংবাদিক পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সৈয়দপুর রেলওয়ে থানা-পুলিশ (জিআরপি) গতকাল বুধবার দুপুরে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার করা ব্যক্তির নাম মো. শাহজাহান আলী (৩২)। তিনি সৈয়দপুর শহরের কলিম মোড় এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, শাহজাহান যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি আলমগীর স্বপন সেজে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে চাঁদা দাবি করে হুমকি দিয়ে আসছিলেন। এ ঘটনায় ৭ জুলাই আলমগীর স্বপন সৈয়দপুর রেলওয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
শাহজাহান আলী পাশের কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ইউনিয়নের কেল্লাবাড়ি গ্রামের এক বাসিন্দার জাতীয় পরিচয়পত্র জাল করে মুঠোফোনের সিম সংগ্রহ করেন। ওই নম্বর ব্যবহার করে রেলওয়ের পূর্ব ও পশ্চিম জোনের ৫২ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে ভয়ভীতি দেখানো হতো।