সিরাজগঞ্জের সলঙ্গায় এক ভুয়া সার্জেন্টকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। আটক নাঈমুল হাসান (৩০) উল্লাপাড়া উপজেলার শ্যামলীপাড়া গ্রামের বাসিন্দা। ঢাকা-বগুড়া মহাসড়কের বোয়ালকান্দি এলাকার একটি হাইওয়ে রেস্টুরেন্টের সামনে থেকে গত রোববার সন্ধ্যায় তাকে আটক করা হয়। হাটিকুমরুল হাইওয়ে থানার ট্রাফিক সার্জেন্ট আবদুল গনি জানান, রোববার বিকেলে বোয়ালকান্দি এলাকার খাদে একটি ট্রাক পড়ে যায়। নাঈমুল ট্রাকের চালক ও সহকারীর কাছে গিয়ে সার্জেন্ট পরিচয় দিয়ে চাঁদা দাবি করে। এ সময় তার আচরণে সন্দেহ হলে স্থানীয় ব্যক্তিরা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে সে নিজেকে ভুয়া সার্জেন্ট হিসেবে স্বীকার করে। পরে সলঙ্গা থানা-পুলিশ তাকে আটক করে। এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে সিরাজগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।
সিরাজগঞ্জ প্রতিনিধি