ভুয়া সিভিল সার্জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিভিল সার্জন পরিচয়ে প্রতারণা করার অভিযোগে টাঙ্গাইলের সখীপুর উপজেলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে নলুয়া বাজারের একটি ডেন্টাল ক্লিনিক থেকে তাঁকে ধরা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম হারুন অর রশিদ (৩৫)। তাঁর বাড়ি মির্জাপুর উপজেলার লতিফপুর গ্রামে। গতকাল মঙ্গলবার তাঁকে টাঙ্গাইল আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
থানা-পুলিশ সূত্র জানায়, সোমবার সন্ধ্যায় নলুয়া বাজারের সিভিল সার্জন পরিচয় দিয়ে হারুন ‘রোকেয়া ডেন্টাল ক্লিনিক’-এর মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় সন্দেহ হলে তাঁকে আটক করে থানায় খবর দেওয়া হয়। এ ঘটনায় রাতেই রোকেয়া ডেন্টাল ক্লিনিকের মালিক খন্দকার রকিবুল ইসলাম বাদী হয়ে সখীপুর থানায় প্রতারণার মামলা করেন।
এজাহার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হারুন রোববার তক্তারচালা বাজারের ‘শরীফ ডেন্টাল ক্লিনিক’-এর মালিককে সিভিল সার্জন পরিচয় দিয়ে ১০ হাজার টাকা জরিমানা আদায় করে চলে যান। সোমবার বিকেলে তিনি বড়চওনা বাজারে দুর্নীতি দমন কমিশনের (দুদক) নির্বাহী হাকিম পরিচয় দিয়ে ‘মা ডেন্টাল ক্লিনিকে’র লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে ৫ হাজার টাকা দাবি করেন। সন্দেহ হলে ক্লিনিকটির মালিক আবু হানিফ বিভিন্ন স্থানে মুঠোফোনে কথা বলার একপর্যায়ে হারুন সটকে পড়েন। সন্ধ্যার দিকে তিনি নলুয়া বাজারের ‘রোকেয়া ডেন্টাল ক্লিনিকে’ সিভিল সার্জন পরিচয় দিয়ে অভিযান চালান।