ভূঞাপুরের তিন ব্যবসায়ীকে তুলে নেওয়ার অভিযোগ
টাঙ্গাইলের ভূঞাপুরে তিন দিনের মধ্যে তিনজন আসবাব ব্যবসায়ীকে তুলে নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে দুজনকে একসঙ্গে তুলে নেওয়া হয়। এরপর থেকে তাঁরা নিখোঁজ।
পরিবারের সদস্যদের অভিযোগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে কয়েকজন তাঁদের তুলে নিয়ে গেছেন। তবে পুলিশ বলছে, এই তিনজন আইনশৃঙ্খলা রক্ষাকারী কোনো সংস্থার হাতে আটক নেই বলে তারা জানতে পেরেছে।
নিখোঁজ তিনজন হলেন ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের চিতুলিয়াপাড়া গ্রামের আবদুল মান্নান (৩৬), অলোয়া ইউনিয়নের খড়ক গ্রামের শমসের ফকির (৩৭) এবং নাটোর সদর উপজেলার তেলকুপি গ্রামের জহুরুল ইসলাম (৩৫)। পরিবারগুলোর লোকজন বলেছেন, খোঁজ না পেয়ে চরম উৎকণ্ঠায় তঁাদের দিন কাটছে।
পারিবারিক সূত্র বলেছে, উপজেলার মাটিকাটা বাজারে আবদুল মান্নানের আসবাবের দোকান রয়েছে। তাঁর বাবার নাম কছিম উদ্দিন। ১২ জুন ভোরে দুটি মাইক্রোবাসযোগে ৮-১০ জন চিতুলিয়াপাড়া গ্রামে মান্নানের বাড়িতে আসেন। সাধারণ পোশাক পরা ওই ব্যক্তিরা নিজেদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় দিয়ে মান্নানকে তুলে নিয়ে যান। পরিবারের পক্ষ থেকে ভূঞাপুর থানা, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও র্যাব ছাড়াও সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাঁর সন্ধান মেলেনি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে ১২ জুন রাতেই ভূঞাপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
মান্নানের ভাই ফারুক হোসেন গত রোববার বলেন, ‘১২ জুন ফজরের নামাজের পর দুটি মাইক্রোবাসে আসা ৮-১০ জন আমাদের বাড়িতে ঢুকে নিজেদের আইনের লোক পরিচয় দিয়ে মান্নানের খোঁজ করেন। মান্নান ঘর থেকে বের হলে তাঁরা তাঁকে মাইক্রোবাসে তুলে নিয়ে যান। যাওয়ার সময় থানায় যোগাযোগ করতে বলেন। কিন্তু কোথাও ভাইয়ের খোঁজ পাচ্ছি না।’ভূঞাপুর পৌর এলাকার কলেজগেটের কাছে পাশাপাশি আসবাবের দোকান নিখোঁজ শমসের ফকির ও জহুরুল ইসলামের। কয়েক বছর ধরে তাঁরা সেখানে ব্যবসা করছেন। পারিবারিক সূত্র বলেছে, ১৪ জুন রাত সাড়ে ৮টার দিকে মাইক্রোবাসে সাত-আটজন এসে নিজেদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় দিয়ে দোকান থেকে ওই দুজনকে তুলে নিয়ে যান। আশপাশের ব্যবসায়ীরা তাৎক্ষণিক বিষয়টি ভূঞাপুর থানার পুলিশকে জানান। ওই রাতেই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম কাউছার চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন।
শমসের ফকির ও জহুরুল ইসলামের পরিবারের লোকজন বলেছে, ওই রাতেই থানায় পৃথক দুটি জিডি করা হয়। পরিবারের পক্ষ থেকে টাঙ্গাইল ডিবি পুলিশ, র্যাবসহ বিভিন্ন জায়গায় যোগাযোগ করা হয়েছে। তবে কেউ তাঁদের সন্ধান বা তাঁদের বিষয়ে তথ্য দিতে পারেনি।
জহুরুলের বাবা আবদুল মান্নান বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তাঁর ছেলেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। থানার পুলিশ এ বিষয়ে কিছু বলতে পারছে না। তিনি ছেলের সন্ধান চান।
এলাকাবাসী বলেছে, ওই তিনজনই ভালো হিসেবে পরিচিত। তাঁদের কারও বিরুদ্ধে অপরাধে জড়িত থাকার বিষয়ে তাঁদের কিছু জানা নেই।
ভূঞাপুর থানার ওসি গতকাল সোমবার বলেন, আবদুল মান্নান, জহুরুল ইসলাম ও শমসের ফকির নিখোঁজ হওয়ার বিষয়ে জিডি নেওয়ার পর পুলিশ তৎপর হয়েছে। তবে কোথাও তাঁদের সন্ধান পাওয়া যাচ্ছে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ তাঁদের তুলে নিয়ে গেছেন কি না, সে বিষয়ে তিনি অবগত নন জানিয়ে বলেন, তাঁরা কয়েকটি সংস্থার সঙ্গে যোগাযোগ করেছেন। তবে তারা এমন কাউকে আটক করেনি বলে জানিয়েছে।
টাঙ্গাইল ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা অশোক কুমার সিংহ বলেন, ওই তিনজনের কাউকে তাঁরা আটক করেননি। অন্য কোনো সংস্থা করেছে কি না, তা-ও জানেন না।
র্যাব সূত্রও একই কথা জানিয়েছে।