ভূমধ্যসাগর থেকে ফিরে ঋণের জালে

ইতালি যাওয়ার স্বপ্নে বিভোর জিল্লুর রহমান। প্রথম দফায় ১১ লাখের বেশি টাকা খরচ। তবু পড়ে থাকেন মানব পাচারকারী চক্রের খপ্পরে। সাত মাস পর সেই চক্র থেকে মুক্তি মেলে লিবিয়ায়। ইতালি যেতে দ্বিতীয় দফায় আরেক চক্রের সঙ্গে যোগাযোগ। সেখানে সাড়ে তিন লাখ টাকা দেন। কিন্তু ইতালি পৌঁছানো আর হয়নি। ২৪ দিন ভূমধ্যসাগরে ভাসার পর কোনোমতে প্রাণ নিয়ে দেশে ফিরেছেন। এখন ঋণের দায়ে জর্জরিত। জিল্লুর রহমান (৩৫) মৌলভীবাজারের বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের কলাতলিপাড় গ্রামের বাসিন্দা। গত ২১ জুন তিউনিসিয়া থেকে ফেরা ১৭ বাংলাদেশির একজন তিনি। ইউরোপস্বপ্ন ছুঁতে গিয়ে এখন ঋণের বোঝা কাঁধে নিয়ে নিঃস্ব। ২ জুলাই বড়লেখায় নিজ বাড়িতে তাঁর সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের।
ইতালি যাওয়ার স্বপ্নপূরণে শুধু যে জিল্লুর রহমানের জীবনই ঝুঁকিতে পড়েছিল, তা নয়। আর্থিকভাবে তিনি বড় রকমের ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিভিন্ন পর্যায়ে তাঁর ১৪ থেকে ১৫ লাখ টাকা খরচ হয়ে গেছে। বড় অংশই ধারদেনা করে সংগ্রহ করেছিলেন। মধ্যপ্রাচ্যপ্রবাসী এক মামার কাছ থেকে নিয়েছেন ছয় লাখ টাকা। এক বোনের স্বামীর কাছ থেকে দুই লাখ টাকা। গ্রামের একজনের কাছ থেকে তিন লাখ টাকা। বাকিটা স্ত্রীর স্বর্ণালংকার বিক্রি করে জোগাড় করেছিলেন। ঋণের জালে জড়িয়ে তিনি এখন দিশেহারা।
জিল্লুর রহমান বলেন, ‘আমি এখনো সুস্থ-স্বাভাবিক হতে পারিনি। পাওনাদারেরা তাগাদা দিচ্ছেন। এখন জমি বিক্রি করতে হবে। কিন্তু জমিও বেশি নেই। ব্যাংক থেকে ঋণ নিয়ে দেনা শোধ দিতে হবে।’
জিল্লুর রহমান স্থানীয় একটা কাপড়ের দোকানে চাকরি করতেন। ২০০৭ সালে দুবাই চলে যান। ২০১১ সালে দেশে ফেরেন। চালের দোকান দেন। বেশ চলছিল সংসার। আশপাশের দু-একজন ইতালি পাড়ি জমিয়েছেন। ইউরোপের সচ্ছল জীবন। মাথায় ইতালি-ভূত চাপে জিল্লুরেরও। সিলেটের সুহেল নামের একজনের সঙ্গে পরিচয় হয়। সুহেল মূলত সংযোগ স্থাপনকারী। মূল দালাল আড়ালের লোক। ঠিক হয়, প্রথমে সরাসরি লিবিয়ায় পাঠানো হবে। পরে সেখান থেকে জাহাজে করে ইতালিতে। ৪ লাখ ২০ হাজার টাকায় চুক্তি হয়।
২০১৭ সালের ২৬ এপ্রিল চট্টগ্রাম থেকে যাত্রা শুরু। তবে লিবিয়ায় নয়, জিল্লুরকে প্রথমে দুবাইয়ে পাঠান দালালেরা। সেখান থেকে সুদানে। সেখানে দু-তিন ঘণ্টা থাকার কথা। থাকতে হয় আড়াই মাস; প্রথমে ৬০ জনের, পরে ২৫ জনের দলে একটি কক্ষে গাদাগাদি করে। খাওয়াদাওয়া মোটামুটি ছিল। সুদান থেকে সড়কপথে লিবিয়ায় যাওয়ার কথা বলেন দালালেরা। জিল্লুররা রাজি হননি। তখন বলা হয়, দেশে ফিরে গেলে চুক্তির ৪ লাখ ২০ হাজার টাকা, সঙ্গে আরও ৪ লাখ টাকা দিতে হবে। আর লিবিয়ায় গেলে ইতালি যাওয়ার নতুন চুক্তি হবে। তখন দিতে হবে সাড়ে তিন লাখ টাকা। একপর্যায়ে সড়কপথে লিবিয়ায় যেতে বাধ্য করেন দালালেরা। একটা ভ্যানগাড়িতে গাদাগাদি করে বসেন ২৪ জন। সময় লাগে ৯ দিন। ৪৫ ডিগ্রির বেশি তাপমাত্রা। পানির তীব্র কষ্ট। দিনে মাত্র আধা লিটার। লিবিয়ায় ঢোকার আগেই পানির অভাবে একজন মারা যান। খাবার বলতে ময়দায় তৈরি একধরনের ফাস্ট ফুড, নয়তো ‘ম্যাকারনি’। এক রাতে মাফিয়া চক্র গুলি ছুড়ে সবাইকে অপহরণ করে নিয়ে যায়।
জিল্লুর রহমান বলেন, প্রায় ২৪ ঘণ্টা তাঁদের সেখানে রাখে। পরে অপর মাফিয়া চক্রের কাছে তুলে দেওয়া হয়। তারা সাত দিনের মতো রেখেছিল। পরে আরেক চক্রের কাছে ১২ দিন কাটে। প্রতিটি চক্রই খাবারের কষ্ট দেয়।
সর্বশেষ চক্রটি জনপ্রতি চার লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ছয়জন টাকা দিয়ে মুক্ত হন। জিল্লুর টাকা দেননি। তাঁকে নির্যাতন করে মাফিয়ারা। পরে ছয় লাখ টাকা বাংলাদেশের দুটি অ্যাকাউন্টে জমা দেন স্বজনেরা। এরপরই চক্রটির হাত থেকে মুক্তি মেলে। পরে নাবিল নামের এক দালাল জিল্লুরকে ত্রিপোলিতে নিয়ে যান। তিন-চার দিন পর ইতালিতে পাঠানোর ‘গেম’-এর কথা বলে সাবরাতা এলাকায় নেওয়া হয়। সেখানে মোখলেছ নামের একজনের কাছে দুই মাস থাকেন। জিল্লুরকে বলা হয়, ইতালি যেতে হলে ৮০ হাজার টাকা লাগবে। ত্রিপোলি ফিরতে হলে ১ লাখ ২০ হাজার টাকা। কথা ছিল, জাহাজে ইতালি পাঠানো হবে। জিল্লুর রহমান বলেন, জাহাজ দূরের কথা, নৌকার ধারেকাছেও আর যাওয়া যায়নি।
১ লাখ ২০ হাজার টাকা দিয়ে ত্রিপোলি আসেন জিল্লুর। ২০১৭ সালের ১৮ নভেম্বর এই চক্র থেকে মুক্তি পান। পরে সাবা শহরে পরিচিত একজনের কাছে চলে যান। সেখানে একটা দোকানে আট মাস কাজ করেন। কিন্তু কোনো বেতন পাননি; শুধু থাকা-খাওয়াই সার। ২০১৮ সালের ঈদুল আজহার সময় ত্রিপোলিতে ফেরেন জিল্লুর। পূর্বপরিচিত সিলেটের বাবুল মিয়ার সঙ্গে দেখা হয়। তিনি সাড়ে তিন লাখ টাকায় তাঁকে ইতালি পাঠানোর কথা বলেন। দুই দফায় দেশে বাবুলের স্ত্রীর কাছে টাকা পৌঁছায় জিল্লুরের পরিবার। কথা ছিল, জাহাজের কর্মচারী পরিচয়পত্র দিয়ে ইতালি পাঠানো হবে। ৮ ফেব্রুয়ারি জাহাজে ওঠার কথা ছিল। কিন্তু প্রায় চার মাস কেটে যায়। মোট ৫৫ জন একসঙ্গে ছিলেন। খাওয়া-থাকার অনেক সমস্যা। এরপর ‘প্রশিক্ষণ’ নেওয়ার কথা বলে তাঁদের ‘গেমঘর’-এ নেওয়া হয়। সেখানে এক মাস কাটে বহু কষ্টে। একদিন ভূমধ্যসাগর উপকূলে নেওয়া হয়। কিন্তু জাহাজ নয়, ডিঙিনৌকা ভেড়ানো। তাতে তোলা হয় ৭৫ জনকে। সাগরে ২৮ ঘণ্টা চলার পর নৌকার তেল ফুরিয়ে যায়। জিল্লুররা চার দিন সাগরে ভেসেছেন। কাছ দিয়ে তেলবাহী জাহাজ যাচ্ছিল। তেলের জন্য আকুতি জানালেও জাহাজ থেকে তেল দেয়নি। খাবার আর পানিও ফুরিয়ে যায়। বাঁচার আশা ছেড়েই দিয়েছিলেন সবাই। একপর্যায়ে জাহাজের লোকজন নৌকার সবাইকে উদ্ধার করেন। জাহাজে জিল্লুররা ১৯ দিন ছিলেন। এ সময় তাঁদের খাবার দেওয়া হয়েছে। ১৯ দিন পর তাঁদের তিউনিসিয়ায় নেওয়া হয়।
জিল্লুর রহমান বলেন, যেসব দালালকে টাকা দিয়েছেন, তাঁদের কেউ এখন ফোন ধরেন না। মামলা যে করবেন, ঠিকানাও জানেন না।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক প্রথম আলোকে বলেন, উপজেলায় এ পর্যন্ত এ রকম মানব পাচারের ঘটনায় দুটি মামলা হয়েছে। এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।